বাতির বদলে বাতি
গত সপ্তাহে হঠাৎ করেই নগরের পাড়ার দোকানগুলোতে সাধারণ বৈদ্যুতিক বাতির চাহিদা বেড়ে যায়। অনেক দোকানেই বাতির ভান্ডার ফুরিয়ে যায় ক্রেতাদের চাপে। সরকার যেখানে বিদ্যুৎ-সাশ্রয়ী সিএফএল (কার্বন ফ্লুরোসেন্ট ল্যাম্প) জনপ্রিয় করার কাজ করছে, সেখানে হঠাৎ করে বেশি বিদ্যুৎ খরচ করা সাধারণ বাতির চাহিদা বাড়ার কারণটা কী? এর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, এর জন্য দায়ী খোদ সিএফএল বাতিই। ঢাকঢোল পিটিয়ে ২৩ অক্টোবর ঢাকায় দ্বিতীয় দফা বিনা মূল্যে সিএফএল বাতি বিতরণ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডিপিডিসিএল)। একটি সাধারণ বাতির বদলে একটি সিএফএল বাতি দেওয়ার ঘোষণা থাকায় অনেকেই বাজার থেকে নতুন বাতি কিনে নিয়ে লাইনে দাঁড়িয়েছিল।কোনো কোনো চতুর গ্রাহক দরকার না হলেও এনেছে বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি। আবার কেউ কেউ বাতি আনতে গিয়ে শূন্য হাতে ফিরেছে। বাতি বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বিনা মূল্যে বাতি বিতরণের কাজের মাধ্যমে সরকার রাজনৈতিক সুনামও অর্জন করতে চেয়েছে। তাই বিদ্যুৎ-সাশ্রয়ের কাজটিতে কিছুটা বাধা তৈরি হয়েছে।এমন একটা বাধার কথাই জানালেন বাংলামোটরের বাসিন্দা জব্বার হোসেন। তিনি বলেন, ‘বাসায় আগে থেকেই বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি ব্যবহার করছি। তবে ২৩ অক্টোবর আমরা তিনটি সিএফএল বাতি পেয়েছি। সকালে ফ্ল্যাটবাড়ির দারোয়ান আমাদের কাছ থেকে ১২০ টাকা নিয়ে যায়। এই টাকা দিয়ে তিনি সাধারণ বাতি কিনেছেন। তারপর সেগুলো জমা দিয়ে আর বিদ্যুৎ বিল দেখিয়ে ডিপিডিসিএলের কাছ থেকে তিনটি সিএফএল বাতি এনেছেন। এই বাতি তিনটি আমাদের কোনো কাজে আসছে না।’২২ ও ২৩ অক্টোবর পাড়ার দোকানগুলোতে সাধারণ বাতি বিক্রি বেড়ে যায় বলে জানা গেছে। কিন্তু অনেক বিতরণ-শিবিরে একটা পর্যায়ে সিএফএল বাতি শেষ হয়ে যাওয়ায় প্রকৃত গ্রাহকেরা বাসায় ফিরেছেন শূন্য হাতে। এমন ঘটনা ঘটেছে কামরাঙ্গীরচরের রহমতবাগ এলাকায়। সেখানকার বাসিন্দা ইলিয়াছ বাবুল জানান, একটা মিটারে সর্বোচ্চ চারটি বাতি দেওয়ার কথা। অথচ তিনি তাঁর বাড়ির তিনটি মিটারের জন্য পেয়েছেন মাত্র ছয়টি বাতি। তবে যারা বিনা মূল্যের বাতি আনতে একটু বেলা করে গেছে, তাদের অনেকের ভাগ্যে একটা বাতিও জোটেনি। তাদের আপাতত তা পাওয়ার আর কোনো সুযোগ নেই বলে জানান ডিপিডিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড আবার এই সুযোগ রেখেছে। এ বিষয়ে ডেসকোর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) শাহজাহান মিয়া জানান, মিরপুর এলাকায় ১৯ জুন প্রথম দফায় বিনা মূল্যে বাতি বিতরণ করা হয়। ওই সময় যারা বাতি পায়নি, তারা যদি প্রমাণ দেখাতে পারে যে তাদের বাসায় বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি দরকার, তবে বিদ্যুৎ বিল দেখিয়ে তারা বাতি সংগ্রহ করতে পারবে। এ জন্য গ্রাহকদের যেতে হবে সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ে। তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের দিকে বারিধারা, গুলশান, উত্তরা ও টঙ্গী এলাকায় বিনা মূল্যে বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি বিতরণ করবে ডেসকো।ওই সব এলাকায়ও কি ত্রাণশিবিরের মতো করেই বাতি বিতরণ করা হবে, জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, বাতি বিতরণের আগে অবশ্যই জরিপ করে তথ্য নেওয়া হবে, কোন বাসায় কয়টা বাতি লাগবে। তবে অনেক গ্রাহক ডেসকোর কর্মীদের বাসায় ঢুকতে না দেওয়ায় তাঁদের পক্ষে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। কেননা, তখন শুধু বাড়ির দারোয়ানের কাছ থেকে আনুমানিক তথ্য পাওয়া যায়। ভবিষ্যতে বাতি বিতরণের আগে অবশ্যই সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। সাধারণ বাতিটি ব্যবহূত, না নতুন কেনা, তা যাচাই করেই তার বিনিময়ে বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি দেওয়া হবে।এদিকে ডিপিডিসিএলের একাধিক কর্মী জানান, আগে পরীক্ষামূলকভাবে বাতি বিতরণের সময় তাদের কর্মীরা বাসায় বাসায় গিয়ে বাতি লাগিয়ে দিয়ে এসেছিলেন। আবার সেই কাজ তদারক করেছেন কর্মকর্তারা। তখন যেখানে বাতি দরকার, সেখানেই বাতি লাগিয়ে দিয়ে আসা হয়েছে। এভাবে এখন বাতি বিতরণ করা হচ্ছে না কেন, জানতে চাইলে নাম-পদবি প্রকাশ না করার শর্তে ডিপিডিসিএলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কিছুটা সময় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাতি লাগানোর কাজটি করতে চেয়েছিলাম। কিন্তু সরকার ভেবেছে, একই দিনে অনেক জায়গায় বাতি বিতরণ করলে সারা দেশে একটি আলোড়ন তৈরি হবে।’ তাঁর কথা হচ্ছে, বিদ্যুৎ-সাশ্রয়ের চেয়ে রাজনৈতিক সুনাম অর্জনের দিকেই বেশি নজর দিয়েছে সরকার। তাই বিদ্যুৎ-সাশ্রয়ের কাজটিতে কিছুটা ফাঁক রয়েই গেল।