বাথরুমে বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অগ্নিদগ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মাশরুকা বিনতে মোশাররফ অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর সিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল বুধবার গভীর রাতে ৬৬/১০ পূর্ব রাজাবাজারের বাসায় বাথরুমে বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে।হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, মাশরুকার মুখ, হাতসহ শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।মাশরুকার মা কামরুন্নেছা প্রথম আলোকে বলেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে মাশরুকা বাথরুমে গিয়েছিলেন। বিদ্যুৎ না থাকায় সে মোমবাতি নিয়ে বাথরুমে যায়। কল ছাড়ার পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে তাঁর মুখ ও দুই হাত ঝলসে যায়। তিনি জানান, ওই বাথরুমটি তাঁর স্বামী ব্যবহার করতেন। কিন্তু পেশাগত কারণে বাইরে থাকায় দুই-তিন দিন ওই বাথরুমে কেউ ঢোকেনি।মাশরুকার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জামান খান বলেন, ‘আমরা ওকে বাঁচাতে দৌড়ঝাঁপ করছি। বিষয়টি পুলিশকে জানানো উচিত ছিল। কিন্তু ওকে নিয়ে ব্যস্ততার কারণে তা হয়নি।’