বাদ পড়ছেন উপজেলা পরিষদ মনোনীত বিদ্যোৎসাহী সদস্যরা
ঝিনাইদহে উপজেলা পরিষদের মনোনীত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্যরা বাদ পড়ছেন। ওই পদে নতুন করে মনোনয়ন দিচ্ছেন স্থানীয় সাংসদেরা। ফলে মাত্র কয়েক মাস আগে বিদ্যালয়গুলোর মনোনয়ন পাওয়া দুজন করে বিদ্যোৎসাহী সদস্য এবং সদস্য থেকে নির্বাচিত সভাপতিরা পড়েছেন বিপাকে।তাঁদের অভিযোগ, সরকার পরিচালনা কমিটি গঠন আইনের কিছুটা সংশোধন করলেও স্থানীয়ভাবে সাংসদ আর উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণেই মূলত তাঁরা বাদ পড়ছেন, যা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি ডেকে আনছে।বাদ পড়া একাধিক প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দুজন করে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে বিদ্যোৎসাহী সদস্য থেকে নির্বাচিত সভাপতিও রয়েছেন। তাঁদের বাদ দিয়ে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়ায় সভাপতির কয়েকটি পদও শূন্য হয়ে গেছে। তাঁদের কেন মনোনয়ন দেওয়া হলো, আর মেয়াদ উত্তীর্ণের আগে কেনই বা বাদ দেওয়া হলো, এটা তাঁরা জানতে চান। ইতিমধ্যে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন আদালতে মামলা করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১০ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সরকারি, রেজিস্টার্ড, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্যসংক্রান্ত বিষয়ে এর আগে জারি করা সব প্রজ্ঞাপন বাতিল করে একটি নতুন নীতিমালা প্রকাশ করা হয়। সেখানে বিদ্যালয় পরিচালনার জন্য ১২ সদস্যের কমিটিতে বিদ্যোৎসাহী একজন পুরুষ ও একজন নারীকে উপজেলা পরিষদের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়। উপজেলা পরিষদ সভার মাধ্যমে এই দুজনকে মনোনয়ন দেবে। কিন্তু গত ১৯ মে আরেক আদেশে নতুন এই আদেশের আংশিক পরিবর্তন করা হয়েছে। এর ফলে স্থানীয় সাংসদের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই দুজন বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করবেন। এই প্রজ্ঞাপন জারির পর আগের মনোনয়ন বাতিল করে স্থানীয় সাংসদেরা নতুন মনোনয়ন দিতে শুরু করেছেন।কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মসলেম আলী জানান, উপজেলা পরিষদের মনোনয়ন পেয়ে তিনি বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এখন তাঁকে বাদ দিয়ে অন্য একজনকে মনোনীত করা হচ্ছে। বকেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য থেকে সভাপতি নির্বাচিত মহিদুল ইসলাম জানান, তাঁকেও উপজেলা পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এখন তাঁকে বাদ দিয়ে আবদুল কুদ্দুস নামের একজনকে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে আদালতে মামলা করেছেন। একইভাবে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সদস্যকে পরিবর্তন করা হয়েছে। তাঁরাও আদালতে মামলা করেছেন। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি আয়ুব হোসেনও মামলা করেছেন। বাদ পড়া এসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।মসলেম আলী, আয়ুব হোসেন, মহিদুল ইসলামসহ সবারই বক্তব্য একই—রাজনৈতিক দলের নেতা হওয়ার পরও স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহম্মদ বলেন, ‘আমাদের কিছুই করার নেই। সরকারি আদেশ পেয়ে ইতিপূর্বে কমিটি গঠন করা হয়েছিল, পুনঃআদেশ পেয়ে নতুন নিয়মে কমিটি করতে নির্দেশ দিচ্ছি প্রধান শিক্ষকদের। তবে অল্পদিনের ব্যবধানে দুইবার সদস্য নির্বাচন করতে গিয়ে আমরাও বিপাকে পড়ছি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘সরকারি নিয়মের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। তবে রাজনৈতিক সমঝোতা থাকলে অনেক জটিল বিষয়ও সমাধান হয়। কিন্তু অনেক স্থানে রাজনৈতিক সমঝোতা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে।’ কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম রাজনৈতিক বিরোধের কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে স্বীকার করে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মনোনয়ন দিয়েছিলাম। এখন নতুন প্রজ্ঞাপনের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। নির্বাচিত সদস্যরা আদালতে চলে যাচ্ছেন। সর্বশেষ প্রজ্ঞাপন জারির চিঠিতে আগে গঠিত কমিটিগুলোর কী হবে তা উল্লেখ থাকলে জটিলতা দেখা দিত না।’