বাদ পড়তে পারে কোরগ্রুপের প্রস্তাবিত রুটগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে ইতিমধ্যে যেসব রুট প্রস্তাব করা হয়েছে, সেগুলোর বদলে নতুন ১৫টি রুট চিহ্নিত করা হচ্ছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে বাংলাদেশ ট্যারিফ কমিশনের আওতায় গঠিত ট্রানজিটসংক্রান্ত কোরগ্রুপের সুপারিশকৃত ১৭টি রুট আর ট্রানজিটের জন্য বিবেচনায় থাকবে না। সে ক্ষেত্রে ট্রানজিটের জন্য বিনিয়োগসহ বিভিন্ন করণীয় বিষয়ে কোরগ্রুপের যাবতীয় সুপারিশও বহুলাংশে অর্থহীন হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট সবাই মনে করছেন। জানা গেছে, ট্যারিফ কমিশন ইতিমধ্যে নতুন রুটগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নতুন রুটগুলোয় থাকা শুল্কস্টেশনের অবকাঠামো সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগকে চিঠি দেন। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট রুটগুলোর শুল্কস্টেশন ও কার্যক্রম পরিচালনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ট্যারিফ কমিশনকে জানিয়েছে কাস্টমস বিভাগ। তবে কোরগ্রুপের প্রতিবেদনে সুপারিশ করা আগের ১৭টি রুট বাদ পড়তে যাচ্ছে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ট্যারিফ কমিশন। পর্যালোচনায় দেখা যায়, বিবেচনাধীন নতুন ১৫টি রুটের সবই চট্টগ্রাম ও মংলা বন্দরকেন্দ্রিক। এর মধ্যে ১২টি সড়ক আর তিনটি রেলরুট। এ ক্ষেত্রে কোনো নৌরুট বিবেচনা করা হয়নি। ভারত সরকার নৌপথে ট্রানজিটের বিষয়টি পৃথক প্রটোকলের আওতায় রাখতে চায়, যেমনটি বর্তমানে আছে। আবার, ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ট্রানজিট নিতে বেশি আগ্রহী। মূলত, ভারতীয় আগ্রহকে প্রাধান্য দিতেই বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ট্যারিফ কমিশন নতুন রুট চিহ্নিত করেছে।প্রস্তাবিত সড়ক রুটগুলো চট্টগ্রাম বন্দর বা মংলা-বেনাপোল-পেট্রাপোল (ভারত), চট্টগ্রাম বা মংলা-তামাবিল-ডাউকি (ভারত), চট্টগ্রাম বা মংলা-হালুয়াঘাট-গাছুয়াপাড়া (ভারত), চট্টগ্রাম বা মংলা-বিবির বাজার-সুতারকান্দি (ভারত), চট্টগ্রাম বা মংলা-আখাউড়া-আগরতলা (ভারত), চট্টগ্রাম বা মংলা-তেগামুখ-দেমাগিরি (ভারত), চট্টগ্রাম বা মংলা-বিলোনিয়া (ভারত), চট্টগ্রাম বা মংলা-খাগড়াছড়ি-রামগড়-সাবরুম (ভারত), চট্টগ্রাম বা মংলা-বেতুলি-পুরান রাঘনাবাজার (ভারত), চট্টগ্রাম বা মংলা-বরোসোরা (ভারত), চট্টগ্রাম বা মংলা-সুনামগঞ্জ-লেনাবাজার (ভারত) এবং চট্টগ্রাম বা মংলা-চাতলাপুর (ভারত)।রেলরুটের মধ্যে রয়েছে চট্টগ্রাম বা মংলা-রাজশাহীর বিরল-রাধিকাপুর (ভারত), চট্টগ্রাম বা মংলা-রাজশাহীর রোহনপুর-সিঙ্গাবাদ (ভারত) এবং চট্টগ্রাম বা মংলা-দর্শনা-গেদে (ভারত)।নতুন রুটগুলো সম্পর্কে জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে কমিশন সূত্রে জানা গেছে, ভারত মূলত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার জন্য তাদের জন্য সুবিধাজনক প্রবেশ ও নির্গমনের স্থানগুলোর কথা জানিয়েছে। এরই আলোকে রুট নির্ধারণের কথা ভাবা হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কোরগ্রুপের এক সদস্য প্রথম আলোকে জানান, এখন নতুন করে রুট পুনর্বিন্যাস করা হলে বিনিয়োগ পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। কেননা আগের রুটগুলোর পাশাপাশি প্রস্তাবিত নতুন রুটগুলো রাখা হলে নতুন বিনিয়োগের প্রয়োজন হবে। আবার পুরোনো রুটগুলো বাদ দিলে নতুন করে বিনিয়োগ হিসাব কষতে হবে। অন্যদিকে কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে, ট্যারিফ কমিশনের জানতে চাওয়া রুটগুলোর সব প্রান্তেই সক্রিয় শুল্কস্টেশন রয়েছে। এসব রুটে ট্রানজিট সুবিধা দিলে পণ্য প্রবেশ বা বহির্গমনসংক্রান্ত শুল্কায়ন কার্যক্রম পরিচালনায় খুব বেশি অসুবিধা হবে না। কাস্টমস কর্মকর্তারা এ-ও জানান, এসব কার্যক্রম নির্ভর করবে সুবিধাভোগী দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে কীভাবে পণ্য খালাস করা হবে তার ওপর। গত বছরের ৪ ডিসেম্বর ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে কোরগ্রুপ গঠন করা হয়। এই কমিটি সাতটি করে রেল ও সড়ক রুট এবং তিনটি নৌরুটের সুপারিশ করেছে। এসব রুটকে ট্রানজিট-উপযোগী করতে প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে বলে মত দিয়েছে কোরগ্রুপ। ট্রানজিট প্রতিবেদনের রুট: ট্রানজিটের জন্য সড়ক রুট হলো কলকাতা-পেট্রাপোল বা বেনাপোল-ঢাকা-আখাউড়া বা আগরতলা, আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম, শিলচর-সুতারকান্দি-চট্টগ্রাম বন্দর, শিলচর-সুতারকান্দি-পাটুরিয়া-বেনাপোল বা পেট্রাপোল-কলকাতা, সামড্রুপ জংখার (ভুটান), গোয়াহাটি-শিলং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম, কাঠমান্ডু-কাকরভিটা বা ফুলবাড়ী-বাংলাবান্ধা-মংলা বা চট্টগ্রাম এবং থিম্পু-ফুয়েন্টসলিং-জয়গাঁও বা বুড়িমারী-মংলা বা চট্টগ্রাম। রেলপথের রুট হলো শিলচর-মাহীশশ্মান বা শাহবাজপুর-ঢাকা আইসিডি (ধীরাশ্রম)-বঙ্গবন্ধু সেতু-দর্শনা বা গেদে-কলকাতা, শিলচর-মাহীশশ্মান বা শাহবাজপুর-চট্টগ্রাম বন্দর, আগরতলা-আখাউড়া-ঢাকা আইসিসিডি-বঙ্গবন্ধু সেতু-দর্শনা বা গেদে-কলকাতা, আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম বন্দর, কলকাতা-পেট্রাপোল বা বেনাপোল-খুলনা-মংলা, বীরগঞ্জ-রেক্সোয়াল-কটিহার-সিংহবাদ বা রোহনপুর-খুলনা-মংলা, জগবানী-বিরাটনগর-রাধিকাপুর বা বিরল-পার্বতীপুর-খুলনা-মংলা। নৌরুট হলো কলকাতা-নামখানা-শেখবাড়িয়া-মংলা-কাউখালী-বরিশাল-চাঁদপুর-ভৈরববাজার বা আশুগঞ্জ-শেরপুর-জকিগঞ্জ-করিমগঞ্জ, কলকাতা-নামখানা-শেখবাড়িয়া-মংলা-কাউখালী-বরিশাল-চাঁদুপর-মাওয়া-পাটুরিয়া-সিরাজগঞ্জ-চিলমারী-ডাইকহাওয়া-ধুবরী-পান্ডু-শিলঘাট, কলকাতা-নামখানা ও শেখবাড়িয়া-মংলা-কাউখালী-বরিশাল-চাঁদপুর-আশুগঞ্জ। এরপর আশগুঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেল ও সড়কপথ।