বাদ পড়লেন নিলয়, পায়রায় ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমদিকে নিলয়কে দিয়ে ‘পায়রা’ ছবিটির কাজ করার কথা ছিল। কিন্তু অনিয়মের কারণের সেখান থেকে বাদ পড়লেন নিলয়। নিলয়ের পরিবর্তে পায়রায় নেওয়া হয়েছে ইমনকে। এরই মধ্যে পায়রা ছবিতে অভিনয়ের ব্যাপারে ইমনের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ছবিটি পরিচালনা করবেন আহমেদ আজিম।সামনের মাসের শেষের দিকের কোনো একটি সময়ে পায়রা ছবির শুটিং শুরু হবে। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘আমি যুক্ত হওয়ার আগ পর্যন্ত ছবিটিতে কী হয়েছে, কাকে নেওয়া হয়েছে—এ ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। আমার কাছে যখন ছবিটির প্রস্তাব আসে তখন এর গল্পের আধুনিকতা এবং অন্যান্য বিষয়ে আমার মতামত জানিয়েছিলাম। প্রযোজক ও পরিচালক দুজনেই এতে রাজি হন। পায়রা ছবির গল্পে মন্ত্রমুগ্ধ হবার একটা ব্যাপার আছে—এমনটিই মনে হয়েছে। গল্পের ক্ষেত্রে কিছুটা পরিমার্জন কিংবা পরিবর্ধন করলে তা বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা সম্ভব।’পায়রা ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন দীপালি। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। সে হিসেবে পায়রা কি ইমনের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং নয়—এমন প্রশ্নের উত্তরে ইমন বলেন, ‘আমি নিজেও কিন্তু নতুন। তবে এটা ঠিক যে খুব অল্প সময়ের মধ্যে আমি শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাহারাদের মতো প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। পাশাপাশি কুসুম সিকদার, চাঁদনী ও রজনীর মতো উঠতি নায়িকাদের সঙ্গেও কাজ করেছি। সবগুলো ছবিতেই কিন্তু আমি অভিনয় দিয়ে যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছি। জানি না, কত দূর করতে পেরেছি। তবে এটা ঠিক যে আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’পায়রা ছবিতে অভিনয় করা ছাড়াও খুব শিগগিরই খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন ইমন। এ ছাড়া তিনি কাজ করছেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনতো প্রেম হয়’ এবং নার্গিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রের। ইমন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘লাল টিপ’। স্বপন আহমেদের পরিচালনায় ছবিটিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন কুসুম সিকদার।