বাদ পড়লেন যাঁরা
ঔজ্জ্বল্য কমে এলেও এখনো তাঁরা তারা। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এমনই তারকাদের এই প্রতিবেদন‘ম্যারাডোনা নট ইন্টার-এস্টেড!’ আর্জে-ন্টিনার প্রাথমিক দল ঘোষণার পর ফুটবলের জনপ্রিয় একটি ওয়েবসাইটের শিরোনাম। ইন্টার মিলানের প্রতি নাকি ‘ইন্টারেস্টেড’ নন ডিয়েগো ম্যারাডোনা! আর্জেন্টিনার কোচ অবশ্য দাবি করতে পারেন, ‘কেন, ইন্টারের ডিয়েগো মিলিতো ও ওয়াল্টার স্যামুয়েল তো আছে দলে।’ কিন্তু এই দুজনের দলে থাকাটা যতটা স্বাভাবিক, তার চেয়ে অনেক বড় চমক যে হাভিয়ের জানেত্তি ও এস্তেবান ক্যাম্বিয়াসোর বাদ পড়া!গত বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে মধুর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ক্যাম্বিয়াসোর নাম। সেই যে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে ২৪ পাসের শৈল্পিক গোল, সেটায় তুলির শেষ আঁচড়টা বুলিয়ে দিয়েছিলেন ক্যাম্বিয়াসো। আর জানেত্তি তো আর্জেন্টিনার সর্বকালের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। তবে রেকর্ড কিংবা চার বছর আগের কোনো কীর্তিতে তো আর দলে জায়গা পাওয়া যায় না। যেটা দরকার, সেই সাম্প্রতিক ফর্মটাও কিন্তু এই দুজনের দুর্দান্ত। ইন্টার যে এবার সিরি ‘আ’, লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে, এতে বড় অবদান এই দুজনের।হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে ভেবেই হয়তো সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেননি ম্যারাডোনা। দল দিয়েছিলেন ফুটবল ফেডারেশনকে, ঘোষণাও করেছে তারাই। ম্যারাডোনার দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো ও ডিয়েগো মিলিতোর ভাই বার্সেলোনা ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতোরও। হুয়ান রোমান রিকেলমের না থাকাটা নিশ্চিতই ছিল। তার পরও আর্জেন্টিনা সমর্থকদের অনেকের মনের কোণে হয়তো একটু আশা ছিল, দল ঘোষণার আগে ঘুচে যাবে ম্যারাডোনা-রিকেলমের ব্যবধান। কিন্তু অভিমানী রিকেলমের অভিমান কমেনি।তারকাখ্যাতির বিচারে ব্রাজিল দলে জায়গা না পাওয়াদের তালিকায় আছে অনেক বড় বড় নাম। কিন্তু কোনোটাই ঠিক চমক নয়। বরং আগে থেকেই যা ধারণা ছিল, সেটা নিশ্চিত হওয়া গেছে মাত্র। ২০০৯ সালের এপ্রিলের পর থেকে হলুদ জার্সি গায়ে ওঠেনি রোনালদিনহোর। গত বিশ্বকাপ থেকেই রোনালদিনহোর নিজেকে হারিয়ে ফেলা ফুটবলের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, যার সমাধান গত চার বছরেও করতে পারেননি তিনি। বিচ্ছিন্নভাবে কখনো কখনো পুরোনো ঝলক দেখা গেছে, কিন্তু দুবারের ফিফা বর্ষসেরা সেই অদম্য রোনালদিনহোর দেখা আর পাওয়া যায়নি। আকারে-ইঙ্গিতে দুঙ্গা আগেই বুঝিয়েছিলেন, দল ঘোষণার পর নিশ্চিত হয়েছে জার্মানির আক্ষেপ দক্ষিণ আফ্রিকায় ঘোচানোর সুযোগ পাচ্ছেন না রোনালদিনহো।অনেক আশা দেখিয়েও জার্মানিতে হতাশা উপহার দেওয়া আরেকজন আদ্রিয়ানোর বাদ পড়ার মূল কারণ অবশ্য ফিটনেস। প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর অ্যালকোহলে আসক্ত হয়ে পড়া ‘দ্য কিং’ নিজেকে অনেকটাই ফিরে পেয়েছিলেন নিজ দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরে। তবে তাঁর ফিটনেস সন্তুষ্ট করতে পারেনি দুঙ্গাকে। রোনালদিনহোর তবু রিজার্ভে নাম আছে, অর্থাৎ মূল স্কোয়াডের কেউ ইনজুরিতে পড়লে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আদ্রিয়ানোর তা-ও নেই। লা লিগায় মৌসুমের শেষ দিকটায় দুর্দান্ত খেলা রিয়াল মাদ্রিদ লেফটব্যাক মার্সেলোরও জায়গা হয়েছে রিজার্ভে।আগে মুখে বলছিলেন বটে দলে ফিরবেন, তবে রোনালদো নিজেও হয়তো মন থেকে বিশ্বাস করেননি। অবিশ্বাস্য কিছু ঘটেওনি। তিনবারের ফিফা বর্ষসেরা ‘দ্য ফেনোমেনন’ এর আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফটা এখন মনে হয় লিখে ফেলাই যায়। জাতীয় দলে তাঁর দীর্ঘদিনের ও বর্তমানে করিন্থিয়ান্স সতীর্থ রবার্তো কার্লোসও দু-একবার অস্ফুট স্বরে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন। তবে মেনে নিতে হয়েছে একই ভাগ্য। ব্রাজিলের একমাত্র ছোটখাটো চমক বলা যায় আলেকজান্ডার পাতোর বাদ পড়া। এসি মিলানের ২০ বছর বয়সী স্ট্রাইকারের চেয়ে ভলফসবার্গের গ্রাফিতেকেই বেশি মনে ধরেছে দুঙ্গার। যাকে মনে করা হচ্ছে ব্রাজিলের পরবর্তী বিস্ময়, দলে পেতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ, চেলসির মতো ক্লাব, সেই নেইমারকে না রাখার কথা অনেক আগেই বলে দিয়েছিলেন দুঙ্গা।ফ্রান্স দলে করিম বেনজেমার জায়গা না হওয়াটাকে বড়সড় চমকই বলা যায়। রিয়াল মাদ্রিদের ‘নতুন গ্যালাকটিকোসে’র অন্যতম এই স্ট্রাইকারের বাদ পড়ার সঙ্গে সাম্প্রতিক ‘পতিতা বিতর্কের’ যোগসূত্র খুঁজছিলেন কেউ কেউ। তবে কোচ রেমন্ড ডমেনেখ সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ‘মাঠের বাইরে কে কী করল, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। পারফরম্যান্সের কারণেই ওর জায়গা হয়নি।’ পারফরম্যান্স থাকার পরও অবশ্য জায়গা হয়নি ১০৭ ম্যাচ খেলা প্যাট্রিক ভিয়েরার। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের শেষ ভাগটায় যথেষ্ট ভালো খেলা ভিয়েরা বাদ পড়াটা মেনে নিয়েছেন। কিন্তু মানতে পারছেন না জানার ধরনটা, ‘কোচের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আমাকে আগে জানাতে পারতেন, আমাকে জানতে হলো এভাবে অন্যদের কাছে।’ ডমেনেখের দলে নেই আর্সেনালের তরুণ ফরোয়ার্ড সামির নাসরিও।৩০ জনের দলে সাতজন ফরোয়ার্ড, তার পরও ইতালি দলে জায়গা হয়নি দুই ‘ট’—টট্টি ও টনির। অবসর নিলেও দলে ডাক পেলে ফিরবেন—ফ্রান্সিসকো টট্টির মনোভাব ছিল এমনটাই। আর ২০০৬ বিশ্বকাপে মার্সেলো লিপ্পির প্রথম পছন্দের স্ট্রাইকার লুকা টনি বায়ার্ন মিউনিখের প্রথম একাদশে জায়গা হারিয়ে ধারে রোমায় আসতে এত মরিয়া ছিলেন বিশ্বকাপটা খেলতে চান বলেই। দুজনের কারও আশাই পূরণ হচ্ছে না। ইন্টার স্ট্রাইকার মারিও বালোতেল্লি ও সাম্পদোরিয়ার প্লেমেকার আন্তনিও কাসানো কখনোই লিপ্পির সুদৃষ্টিতে ছিলেন না, এবারও ব্যতিক্রম হয়নি। কাসানো অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, দলে ডাক পেলেও খেলবেন না তিনি, বিশ্বকাপের সময় নাকি তাঁর বিয়ে!স্পেনের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেস জাতীয় দলের বাইরে ২০০৬ থেকেই। কদিন আগে আবার বাধিয়েছেন ইনজুরি। সাবেক শিষ্যকে দলে রাখার কোনো কারণ খুঁজে পাননি ভিসেন্তে দেল বস্ক। ওয়েন হারগ্রিভস, ববি জামেরা, ওয়েস ব্রাউনদের ইংল্যান্ড দলে না থাকার কারণ ইনজুরি। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার হারগ্রিভস তো গত ২০ মাসে মাঠে নেমেছিলেন মিনিটখানেকের জন্য। এ ছাড়া ফ্যাবিও ক্যাপেলোর আনুকূল্য না পাওয়া উল্লেখযোগ্য হলেন ম্যানইউ রাইটব্যাক গ্যারি নেভিল আর অ্যাস্টনভিলার স্টুয়ার্ট ডাউনিং।‘অভিনন্দন রুড’—দল ঘোষণার সময় বলেছেন বার্ট ফন মারউইক। না, দলে ফেরার জন্য নয়, এই অভিনন্দন চেষ্টার জন্য। রুড ফন নিস্টলরয়ের দলে ফেরার চেষ্টা দেখে নেদারল্যান্ড কোচ মুগ্ধ, তবে মন গলেনি। দীর্ঘ হাঁটুর ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদ থেকে এ মৌসুমেই হামবুর্গে ফেরা নিস্টলরয়কে তাই হতাশই হতে হয়েছে। তুলনায় হতাশাটা কম হওয়ার কথা ক্লারেন্স সিডর্ফের। ফন মারউইক কোচ হওয়ার পর তো দলে ডাকই পাননি একবারও!বিশ্ব ফুটবলে বড় কোনো নাম নয়, কিন্তু চার্লি ডেভিডস ও মিগুয়েল সাবাহ নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। মেক্সিকোর স্ট্রাইকার সাবাহর বাদ পড়ার কারণ টেন্ডন ইনজুরি। আর সাত মাস আগে গাড়ি দুর্ঘটনার ধাক্কা সামলে মাঠে ফিরলেও সেরা রূপে ফিরতে না পারায় জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের ডেভিডসের।এটা তো গেল স্রেফ প্রাথমিক তালিকা। বাদ পড়াদের ‘ছোট গল্প’টা বড় গল্প হয়ে উঠবে ১ জুন, যখন ঘোষিত হবে চূড়ান্ত দল। কেউ তখন পাবে স্বপ্নপূরণের সুযোগ, কেউ বা সুযোগ পাবে আক্ষেপ ঘোচানোর বা সাফল্যের পুনরাবৃত্তির। আর কেউ কেউ কাতর হবেন স্বপ্নভঙ্গের বেদনায়। ওয়েন ব্রিজ বা পল স্কোলসের মতো হলে অবশ্য আলাদা কথা। কোচ ক্যাপেলো অনুরোধ করার পরও দলে ফেরেননি এই দুই ইংলিশ। ওসব অনুভূতি যে তাঁদের আর স্পর্শই করে না!