নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করেও কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়া শেষ করতে না পেরে বাদ পড়া প্রার্থীরাও ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি কর্মকমিশন (পিএসসি) গতকাল বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে কমিশনের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রার্থী ২৯ এপ্রিল সকাল আটটা থেকে ২ মে রাত ১০টা পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।৩৩তম বিসিএস পরীক্ষার জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। গত ৮ মার্চ সকাল ১০টা থেকে এই আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে চলে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে শেষ দিনে অন্তত সাড়ে ১১ হাজার প্রার্থী আবেদনের প্রক্রিয়া শেষ করে টেলিটকের পিন কোড পেলেও কারিগরি ত্রুটির কারণে ফি ৫০০ টাকা জমা দিতে পারেননি। পিএসসি জানিয়েছিল, নির্ধারিত সময়ে প্রক্রিয়া শেষ করতে না পারা এসব প্রার্থী পরীক্ষা দিতে পারবেন না।এ নিয়ে ১০ এপ্রিল প্রথম আলোয় ‘পরীক্ষা দিতে পারছেন না সাড়ে ১১ হাজার প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সংযুক্ত করে প্রথমে পাঁচজন ও পরে ১৯ জন প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করেন এবং এই পরীক্ষার বিজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চান। এই আদেশের বিরুদ্ধে পিএসসি আবেদন করলে এই আদেশ স্থগিত করা হয়। গতকাল পিএসসির বিশেষ সভায় প্রক্রিয়া শেষ করতে না পেরে বাদ পড়া প্রার্থীদের পরীক্ষা দিতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা।আগামী ১ জুন ৩৩তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ২৯ ফেব্রুয়ারি এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।