বাদপড়া ২০২ জনকে নিয়োগ দেওয়ার হাইকোর্টের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বাদপড়া ২০২ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২৫ এপ্রিল শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু ও সালাহউদ্দিন দোলন।একরামুল হক প্রথম আলোকে বলেন, আদালত হাইকোর্টের রায় স্থগিত করে আগামী ২৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়েছেন। এর আগে গত বছরের ১১ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যে ২০০ জন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাননি, তাঁদের রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে আদেশ দেন।