বাদলদিনের মালতীলতা
বৃষ্টির এখন সময়-অসময় ভেদ নেই। যখন-তখন নেমে পড়ে ঝিরঝির ইলশে গুঁড়ি অথবা মুষলধারায়। তারপর মেঘের আড়াল থেকে সূর্যের আত্মপ্রকাশ ঘটলে তার কিরণে দীপ্ত হয়ে ওঠে সিক্ত ধরাতল। গাছপালার পাতায় জমে থাকা বৃষ্টির শেষ ফোঁটাগুলো সেই রোদের স্পর্শে সাত রঙের রোশনাই ছড়িয়ে দেয়। ভেজা হাওয়া মদির করে তোলে ফুলের সৌরভ।বৃক্ষ তো বাকহীন। কিন্তু সদ্য ছেড়ে যাওয়া বৃষ্টির পরে মালতীলতার ঝাড়টির কাছে গিয়ে দাঁড়াতেই যেন নিঃশব্দে সাদর সম্ভাষণ জানাল তার পাতায় পাতায় সন্নিবেশিত সজল-আলোর বিন্দু আর ফুলের মিষ্টি গন্ধ। রমনা উদ্যানের পশ্চিম ধারে যে একফালি নানা লতাগুল্মের কুঞ্জ, মালতীলতার সঙ্গে দেখা সেখানেই।চোখের দেখার আগেই তার সঙ্গে পরিচয় রবীন্দ্রনাথের গানে গানে, কবিতায়। ‘ওই মালতীলতা দোলে/ পিয়াল তরুর কোলে, পুব হাওয়াতে...’ গানটি কে না শুনেছেন! মালতীলতার প্রসঙ্গ এলে কবিগুরুকে বাদ দেওয়া কঠিন। তাঁর ওই গানই মালতীকে চিরস্মরণীয় করে রাখতে যথেষ্ট ছিল। তার পরও আরও কতবার যে কত করে বলেছেন তিনি মালতীর কথা! ‘শুধাতে হয় সে কথা কি/ ও মাধবী ও মালতী’, ‘না হয় রেখো মালতী কলি শিথিল কেশে’, ‘উতলা হয়েছে মালতীলতা/ ফুরলো না তার মনের কথা’—এমন অন্তত ডজন দুই মালতীময় পঙিক্ত সাক্ষ্য দেবে তার প্রতি কবির নিবিড় অনুরাগের।রমনায় মালতীলতায় রচনা করা হয়েছে চমৎকার একটি তোরণ। এবার বৃষ্টিও হচ্ছে বেশ। সরু লতা ছেয়ে গেছে গাঢ় সবুজ পাতায়। তার ওপরে যেন বিছিয়ে আছে সফেদ ফুলের আঁচল। ফুলগুলো তেমন বড় আকারের নয়। অনেকটা শিউলি ফুলের মতো দেখতে। ফিকে লাল সরু বোঁটার ওপরে পাঁচটি শুভ্র পাপড়ি। একটু মোড়ানো। মালতী থোকায় থোকায় ফোটে না। লতার বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে এত অসংখ্য ফুল ফোটে, যেন মনে হয় পান্না-সবুজের জমিনে সাদা রেশম সুতোর মিহি কারুকাজ করা একখণ্ড মসলিন বস্ত্র।মালতী আমাদের নিজেদেরই উদ্ভিদ। ভারতীয় উপমহাদেশেই তার জন্মভূমি। বৈজ্ঞানিক নাম Aganosma dichotoma। চিরসবুজ লতা। অবলম্বন পেলে অনেক উঁচুতে উঠতে পারে। পাতা সরল ও আয়তাকার। পাতার শিরা ও ফুলের বোঁটা লালচে রঙের। বসন্ত থেকেই ফুল ফোটা শুরু, তবে বর্ষাতেই ফোটে সবচেয়ে বেশি। সে কারণে বাদলদিনের ফুল বলেই মালতীর পরিচিতি। কবির গানে-কবিতায় মালতীলতা যতটা সহজলভ্য, বাস্তবে ততটা নয়। কিছুটা দুষ্প্রাপ্য বলাই ভালো। রমনা ছাড়া আমার চোখে পড়েছে শিশু একাডেমীর উদ্যানে। তরুপল্লবের সম্পাদক মোকারম হোসেন গাছপালা সম্পর্কে বেশ খোঁজখবর রাখেন। তিনি জানালেন, বলধা গার্ডেন ও মিরপুর উদ্ভিদ উদ্যানে তো আছেই, আরও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন ও সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে। শুধু শুধু গাছগাছালির শোভা দেখতে যাওয়ার সময় কোথায় ব্যস্ত নাগরিক জীবনে! কোনো কাজের দরকারে এসব জায়গায় গেলে একটু যদি ঔৎসুক্য জাগে মনে, তবে দু-এক মিনিট মালতীলতার কাছে গিয়ে দাঁড়ালে সে তার স্নিগ্ধ লাবণ্যে, মিষ্টি সৌরভে নিশ্চয়ই প্রশান্তি এনে দেবে।