জিলাপি বিখ্যাত তার প্যাঁচের জন্য। দুনিয়া জুড়ে তন্নতন্ন করে খুঁজলেও সহজ-সরল কোনো জিলাপির সন্ধান মিলবে না। কারণ, প্যাঁচ ছাড়া ওই জিনিস হয় না।বাংলার বাগিবধিতে প্যাঁচঘোঁজের বিষয়টি প্রশংসনীয় নয়। মনের মধ্যে প্যাঁচঘোঁজ থাকাটা নিন্দনীয়। তাই তুলনা দিয়ে বলা হয়, ‘মনের মধ্যে জিলাপির প্যাঁচ’। তবে এসব নিন্দা-মন্দের ক্ষেত্রে জিলাপি ব্যতিক্রম। তাতে প্যাঁচ যত বেশি, তত রসে টইটই। জিলাপিতে তাই অধিক প্যাঁচই বাঞ্ছনীয়।এই রমজান মাসে দেড় প্যাঁচের পিচ্চি থেকে জটিল প্যাঁচের এক-দেড় কেজি ওজনের জাম্বো আকারের জিলাপির দর্শন মিলছে ইফতারির পসরায়।ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজুর পাশাপাশি মিষ্টির উপকরণ হিসেবে জিলাপির অবস্থান ১ নম্বরে। শহর-বন্দর-গ্রাম সর্বত্র সারা বছরই এই মিষ্টান্ন পাওয়া গেলেও ইফতারিতে তার যেমন ব্যাপক উপস্থিতি, অন্য সময় খাবারের থালায় তেমন দেখা যায় না।এই বিপুল চাহিদার কারণে রোজার সময় জিলাপির দামও একটু চড়া থাকে। এবার তো চিনির দাম বৃদ্ধির ফলে জিলাপির দাম অনেক বেড়েছে। গত বছর পাড়া-মহল্লার ফুটপাতে জিলাপি বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। এবার দাম উঠেছে ১২০ টাকা। নামডাক আছে এমন দোকানে মোটা জিলাপি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ফখরুদ্দিনের চিকন জিলাপির কেজি ৩৫০ টাকা। ফখরুদ্দিনের চেয়ে আলহাজ রফিক বাবুর্চি জানালেন, গতবারের চেয়ে এ বছর অন্তত ৫০ টাকা দাম বেড়েছে প্রতি কেজি জিলাপিতে। তবে তারকাখচিত হোটেলগুলোতে সে অর্থে দাম বাড়েনি। সোনারগাঁও হোটেলে গত বছর যা ছিল, এবারও তা-ই আছে। প্রতি কেজি ৫০০ টাকা। পূর্বাণী হোটেলে ২৫ টাকা বেড়ে এবার হয়েছে ৪০০ টাকা।বিকেল থেকেই চোখে পড়ে ইফতারির পসরাগুলোর পাশে কেরোসিনের চুলায় কড়াই চাপিয়ে টগবগে গরম তেলে সুনিপুণ দক্ষতায় প্যাঁচের পর প্যাঁচ দিয়ে জিলাপি ছাড়ছেন হালুইকর। এপিঠ-ওপিঠ ভাজা হলে পাশের অন্য একটি বড় কড়াইতে রাখা রসে চুবিয়ে ঝাঁজরি দিয়ে ছেঁকে তোলা হচ্ছে টেবিলের ওপর বারকোশে। ইফতারের অন্য উপকরণ আগে তৈরি করা থাকলেও জিলাপি কিন্তু তাৎক্ষণিক ভেজে দেওয়া হয়। পরিবেশন করা হয় যথাসম্ভব গরম গরম। হট কেকের মতো জিলাপিও গরম অবস্থায় অধিক সুস্বাদু। ঠান্ডা হয়ে গেলে মচমচে ভাবটি আর থাকে না। নরম হয়ে আসে। জিলাপির আসল মজা নষ্ট হয়ে যায়।জিলাপির স্বাদের উৎকর্ষ অনেকটাই নির্ভর করে এর রস তৈরির ওপর। রসগোল্লার রস, পানতোয়ার রস, আর জিলাপির রস এক রকম নয়। চিনি দিয়েই তৈরি সব রস। কিন্তু পার্থক্য মাত্রাগত। কোনো রস ঘন, কোনো রস পাতলা। কোনোটিতে কড়া পাক, কোনোটি মধ্যম। রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র শ্রী ঋতেন্দ্রনাথ ঠাকুর তাঁর মুদির দোকান বইতে লিখেছেন, ‘জিলিপি বা জিলিবি নামের উৎপত্তি ও রসের পাক হইতে। অপেক্ষাকৃত বেশী পরিমাণে জ্বাল পাইলে, তবে তাহাকে “জ্বালাও চাসনি” বা “জ্বালাও রস” বলে। জিলিবির রস পানতোয়ার রস অপেক্ষা “কড়া” বলিয়াই আঙ্গুলে লাগাইলে সূতার ন্যায় উঠিতে থাকে; পানতোয়ার পানিরসে কিন্তু তাহা হয় না। “জ্বালাও” শব্দ হিন্দীতে “জ্বালাবি” এবং ক্রমশঃ বাংলা “জিলিবি” ও “জিলিপি” দাঁড়াইয়াছে।’রন্ধনশাস্ত্রবিদেরা বলছেন, জিলাপি অনেক প্রাচীন মিষ্টি। সংস্কৃতে এর নাম ‘কুণ্ডলিনী’। এই নামকরণ ওই প্যাঁচের জন্য। ভাষাতাত্ত্বিক সুকুমার সেন অবশ্য বলেছেন, জিলাপি শব্দটির মধ্যে আরবি আর সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে। তিনি কলিকাতার কাহিনী বইতে লিখেছেন, ‘নামটির প্রথম অংশ আরবি, দ্বিতীয় অংশ সংস্কৃত (আরবি জিল্লা+সংস্কৃত খাদিক=উজ্জ্বল অর্থাৎ চমৎকার খাদ্য)। জিলাপির রাজ সংস্করণ হলো অমৃতি।’ তিনি বলেছেন, জিলাপি বাংলার নিজস্ব মিষ্টি নয়, পশ্চিমের আমদানি, বাদশাহি দরবারের খাবার।জিলাপির অতি বড় সমজদার ছিলেন সম্রাট জাহাঙ্গীর। মিষ্টান্নটির নামকরণও করেছিলেন তিনি নিজের নামানুসারে ‘জাহাঙ্গীরা’। সেই বাদশাহি যুগও নেই, নামটিও নেই। তবে খাদ্যবস্তুটি আছে। সেটি এখন চলে এসেছে আমজনতার পাতে, জিলাপি নামেই। মাহে রমজানের ইফতারির বাজারে বিকোচ্ছে দেদার।