বাদাঘাট দীঘিরপাড় সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট-ঘাগড়া-সুনামগঞ্জ সড়কের দীঘিরপাড় সেতুটি পুনঃ নির্মাণ না করায় ওই সড়কে চলাচলকারী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০০২ সালের জুলাই মাসে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার পানির স্রোতে সেতুর দুই পাশের মাটি সরে যায়। পরে সেতুর দুই পাশে মাটি না দেওয়ায় এবং সংস্কার না করায় পশ্চিম দিকে কাত হয়ে পড়ে। বর্তমানে সেতুটির দুই পাশে বাঁশের পাটাতন দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লোকজন যাতায়াত করছে।স্থানীয় বাসিন্দা তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলম জানান, ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী তিন শতাধিক মোটরসাইকেলসহ রিকশা ও ঠেলাগাড়ি চলাচল করে। এ ছাড়া প্রতিদিন শত শত ছাত্রছাত্রীকে সেতু ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হয়। এলাকাবাসী জানান, ওই সড়ক দিয়ে তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নের লক্ষাধিক লোক জেলা শহর সুনামগঞ্জসহ স্থানীয়ভাবে যাতায়াত করে। কিন্তু সেতুর দুরবস্থার কারণে লোকজনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব তালুকদার ও ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সেতুটি আমাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।বাদাঘাট জয়নাল আবেদীন বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পারভীন ও রোকেয়া আক্তার জানায়, ভাঙা সেতুটি পার হতে তাদের ভয় লাগে। স্থানীয় বাদাঘাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোখতার আহমেদ বলেন, সেতুর দুরবস্থার কারণে সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সবাই বিড়ম্বনায় পড়ে।তাহিরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাহিরপুরের উপসহকারী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘সেতুটি পুনঃ নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, শিগগিরই এটি বাস্তবায়িত হবে।’