বাদামতলীতে মৌসুমি ফলের যন্ত্রণা!
সদরঘাট থেকে বাদামতলী পর্যন্ত বাকল্যান্ড বাঁধ সড়কটি ফলপট্টি নামে পরিচিত। দেশের বিভিন্ন জায়গা থেকে বেশির ভাগ ফল এখানকার আড়তগুলোয় আসে। তারপর নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আড়তের উচ্ছিষ্টের কারণে এখন ফলপট্টি এলাকার সড়কে চলাফেরা দায়। এখন আম, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন ফলের ভরা মৌসুম। এ জন্যই ফলপট্টির সড়ক অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। গিয়ে দেখা গেছে, সড়কজুড়ে আছে পচা-গলা মৌসুমি ফলের স্তূপ। এ ছাড়া আছে প্যাকেজিংয়ের শুকনো খড়, কাগজ আর বেতের ঝুড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে মৌসুমি ফল এখানে আসে। ফল নামানোর পর ট্রাকের ভেতরে থাকা শুকনো খড়-কাগজ সব ঝেড়েঝুড়ে ফেলা হয় সড়কের ওপর। আবার আড়তে বাছাইয়ের পর পচা-গলা ফলও ফেলা হয় সড়কে। তাই তৈরি হচ্ছে ফলের উচ্ছিষ্টের স্তূপ।এমন একটি ময়লার স্তূপ দেখা যায় সেখানকার ঢাকা জেলা প্রশাসকের নৌঘাটের পাশে। ঘাটে যেতে হলে আবর্জনার স্তূপ ডিঙিয়ে তবেই যেতে হয়।এদিকে সড়কটি থেকে চলে যাওয়া আহসানউল্লাহ রোডের একাংশও ময়লার স্তূপে আটকে আছে। ওই সড়কে পথচারী ও যানবাহন চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।বাদামতলীর ফল ব্যবসায়ী আবু তোহা জানান, ডিসিসির ময়লা অপসারণ করার লোকজন এখানে কম আসে। ফল ব্যবসায়ীরা অনেক সময় নিজেরাই পরিচ্ছন্নতাকর্মীদের ভাড়া করে এনে ময়লা অপসারণ করিয়ে থাকেন। আরেক ব্যবসায়ী শাহাদাত মিয়া জানান, এখানকার ফল ব্যবসায়ী সমিতির আলাদা পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা উচিত। এতে ময়লা অপসারণের কাজটি ভালোভাবে হতে পারে।এদিকে ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল বলেন, ডিসিসি আর ফল ব্যবসায়ী সমিতি একসঙ্গে বসলে ময়লা অপসারণ-সমস্যার সমাধান বের হতে পারে। এ ক্ষেত্রে সমিতি ডিসিসিকে সহায়তার জন্য প্রস্তুত আছে।ফলপট্টির সড়কে আবর্জনা অপসারণের সময় কথা হয় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লাবাহী গাড়ির চালক মো. নুরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মৌসুমি ফলের সময়টায় ডিসিসি থেকে একটি আবর্জনাবাহী ট্রাক দিনে দুই বেলা ময়লা অপসারণ করে। একটি গাড়ির সঙ্গে চারজন পরিচ্ছন্নতাকর্মী থাকেন। কিন্তু এই জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার ফলের আড়তের প্রভাবশালী ব্যবসায়ীরা তাঁদের নিজেদের আড়তের আশপাশের জঞ্জাল অপসারণের জন্য তাগিদ দেন। ফলে মূল সড়কের জঞ্জাল সরানোর সময় পাওয়া যায় না।খোঁজ নিয়ে জানা যায়, প্রতি শনিবার ডিসিসি থেকে ময়লা অপসারণে বেশ তোড়জোড় দেখানো হয়। সেদিন ডিসিসির পক্ষ থেকে বেশ কিছু কন্টেইনার ভরে ময়লা অপসারণ করা হয়। তবে এগুলো প্রয়োজনের তুলনায় কম। ফলপট্টির বেশির ভাগ অংশ পড়েছে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে। ফলে মৌসুমি ফলের সময়টায় ময়লা অপসারণে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীদের বেশ বেগ পেতে হয়। এ বিষয়ে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ সামাদ বলেন, তাঁর ওয়ার্ডে মোট পরিচ্ছন্নতাকর্মী আছেন ৫৪ জন। তাঁরা সবাই ওয়ার্ডের নিয়মিত কর্মী। অন্যান্য ওয়ার্ডের মতোই এখানে আবর্জনা পরিবহনের গাড়ি রয়েছে একটি। ফলপট্টির জঞ্জাল অপসারণের কাজটি এত কম জনবলে সম্ভব হচ্ছে না। ডিসিসিতে বেশ কয়েকবার পরিচ্ছন্নতাকর্মী আর আবর্জনাবাহী ট্রাক বাড়ানোর আবেদন করা হয়েছে। এতে কোনো সাড়া মিলছে না। তবে ফলপট্টির জঞ্জাল সরানোর জন্য ডিসিসি থেকে আলাদা একটি দল কাজ করছে বলে তিনি জানান। বাদামতলী-ওয়াইজঘাটের পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৬৮৭৪৩ (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-২, ডিসিসি)