বাদামি কাঠবিড়ালি
সারা দেশেই কম-বেশি বাদামি কাঠবিড়ালি (Callosciurus pygerythrus) দেখা যায়। সারা বিশ্বে এটি বিপন্ন একটি প্রজাতি হলেও বাংলাদেশের বিপন্ন প্রাণীর তালিকায় এখনো স্থান পায়নি। (সূত্র: এনসাইক্লোপিডিয়া অব ফ্লোরা অ্যান্ড ফনা অব বাংলাদেশ, ভলিউম ২৭)। বসতবাড়ির পেয়ারা, গোলাপজাম, নারকেল খেতে এদের জুড়ি নেই। দেশের কোনো কোনো স্থানে এই কাঠবিড়ালি ‘কডা’ নামেও পরিচিত। ঢাকার রমনা পার্কে গেলে বটবৃক্ষের শাখায় মাঝেমধ্যে দু-একটি কডা চোখে পড়ে। এরা বৃক্ষবাসী। দেহ মাঝারি। লম্বায় প্রায় ২১ সেন্টিমিটার। পশমি পালক রঙে কালচে বাদামি ও ধূসর। লেজ লম্বা। একাকী বা জোড়ায় চলে। দিনের বেলায় চরে বেড়ায়। বন ও ঘন গাছপালাসমৃদ্ধ গ্রাম এলাকায় এদের দেখা যায়। গাজীপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট জেলায় সবচেয়ে বেশি দেখা যায়। ফল, শাকসবজি, সুপারি ও গাছের ছাল খেতে এরা বেশি পছন্দ করে। বাংলাদেশ বাদে নেপাল, মিয়ানমার ও ভারতে দেখা যায়। ইংরেজিতে এই প্রজাতি Irrawaddy Squirrel, Hoary-bellied Himalayan Squirrel নামে পরিচিত।সুন্দরবনেও আছে এদের আবাস। খুব দ্রুত দৌড়ায়। গাছের গুচ্ছবদ্ধ শাখায় অগোছালো গোলাকার বাসা বানায়, তা-ও পাখির বাসা থেকে খড়কুটো চুরি করে।প্রজনন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জুন মাসে বাসা তৈরি করতে দেখা গেছে। ফুলের পরাগায়ন এবং বীজ বিস্তারে কাঠবিড়ালির ভূমিকা থাকে।