ডেসটিনি ও কুতুববাগ পীরের মামলা প্রত্যাহার
বাদী ও বাদীপক্ষের দাবিদার দুই আইনজীবীকে আদালতে তলব
ডেসটিনি ও কুতুববাগ দরবার শরিফের পীরের বিরুদ্ধে করা প্রতারণার মামলা প্রত্যাহারের ঘটনায় বাদী ও বাদীপক্ষের দাবিদার দুই আইনজীবীকে আদালতে তলব করা হয়েছে।আজ রোববার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন। আজ এ মামলায় শুনানির দিন ধার্য ছিল।গত ১৩ মার্চ সৈয়দ মো. শরীফুল হক চিশতির পক্ষে আইনজীবী আমীর-উল ইসলাম এই মামলাটি দায়ের করেন। গত ২৮ মার্চ মামলাটি প্রত্যাহারের আবেদন করেন সৈয়দ মো. শরীফুল হক চিশতির পক্ষে আইনজীবী গোলাম সারওয়ার। গত ২৮ মার্চ বাদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।আইনজীবী আমীর-উল ইসলাম ওই আদেশের বিরোধিতা করে আদালতকে বলেন, তিনি এই মামলার বাদী কর্তৃক নিযুক্ত আইনজীবী। গত ২৮ মার্চ যে ব্যক্তির মাধ্যমে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে, তিনি প্রকৃত বাদী নন। বিষয়টি আদালতের নজরে আনা হলে মামলার বাদী সৈয়দ মো. শরীফুল হক চিশতি, মামলা প্রত্যাহারকারী আইনজীবী গোলাম সারওয়ার ও অভিযোগ উত্থাপনকারী বাদীর আইনজীবী আমীর-উল ইসলামকে ১৭ এপ্রিল মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।