নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় জামিনে মুক্ত ১১ জন আসামিকে হাইকোর্ট লিখিত অঙ্গীকারনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন। বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো হবে না—এই মর্মে তাঁদের অঙ্গীকারনামা দিতে হবে। গতকাল সোমবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত রুল শুনানি আগামী ৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া পক্ষভুক্তির জন্য সানাউল্লাহ নূরের স্ত্রী বাদী মহুয়া নূরের ওকালতনামাও গ্রহণ করা হয়েছে।এর আগে ৬ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ ওই ১১ আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর ও রুল জারি করেন। ১০ মার্চ সব আসামি নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পান। এরপর ১১ মার্চ প্রথম আলোয় ‘সানাউল্লাহ হত্যাকাণ্ড, ১১ আসামি জামিনে মুক্ত, সংবর্ধনা, হুমকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে ১৩ মার্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে আসামিদের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে হুমকি দেওয়া-সংক্রান্ত ঘটনা তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে নাটোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। ১৩ মার্চ আদালত জামিন-সংক্রান্ত দুটি বিষয়ে রুলের ওপর ২৮ মার্চ শুনানির দিন ধার্য করেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত আদেশ দেন। এ সময় জামিনে মুক্ত আসামিরা এবং মামলার বাদী মহুয়া নূর উপস্থিত ছিলেন। বাদীপক্ষে আইনজীবী জমির উদ্দিন সরকার, গাজী কামরুল ইসলাম এবং আসামিপক্ষে ইউসুফ হোসেন হুমায়ূন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার। জামিনে মুক্ত ১১ আসামি হলেন রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আবদুল মালেক, মো. হাবিব, বাবু মোল্লা ও বাবলু মোল্লা।জানা যায়, গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী তদন্ত করছেন।