নাটোরে বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলায় জামিনে মুক্ত ১১ জন আসামিকে হাইকোর্ট লিখিত অঙ্গীকারনামা জমা দিতে বলেছেন। বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো হবে না মর্মে তাঁদের অঙ্গীকারনামা দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আদালত রুল শুনানি আগামী ৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন। এই সময়ের মধ্যে রুলের লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া আদালত সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূরের হলফনামা গ্রহণ করেছেন।বেলা সাড়ে ১১টার দিকে জামিন পাওয়া ১১ আসামি হাইকোর্টে হাজির হন। এ সময় মহুয়া নূরও ছিলেন।আদালতে সংক্ষিপ্ত শুনানিতে অংশ নেন আসামিপক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন ও মহুয়া নূরের পক্ষে ছিলেন জমিরউদ্দিন সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জায়িফ সারোয়ার।এর আগে ১৩ মার্চ আসামিদের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।একই সঙ্গে বাদীদের হুমকি দেওয়াসংক্রান্ত ঘটনা তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে নাটোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে ওই প্রতিবেদন দাখিল করতে বলা হয়।৬ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ ওই ১১ আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তাঁরা হলেন রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুত্ফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আবদুল মালেক, মো. হাবিব, বাবু মোল্লা ও বাবলু মোল্লা।এরপর ১১ মার্চ প্রথম আলোয় ‘সানাউল্লাহ হত্যাকাণ্ড, ১১ আসামি জামিনে মুক্ত, সংবর্ধনা, হুমকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ১০ মার্চ ওই ১১ আসামির সবাই নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পান। প্রতিবেদনে বলা হয়, মুক্তির পরপরই ওই দিন সন্ধ্যায় তাঁদের সংবর্ধনা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এ সময় আসামিরা হুমকি দেন যে সানাউল্লাহ হত্যার সঙ্গে তাঁদের জড়িত থাকার ব্যাপারে সাত দিনের মধ্যে বড়াইগ্রামের বনপাড়া বাজারের ব্যবসায়ীদের প্রমাণ দিতে হবে, নইলে তাঁদের বিচার করা হবে।এ ঘটনায় সানাউল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর, সাক্ষী ও বিএনপির নেতা-কর্মীরা।বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই রুল জারি করেন।জানা যায়, গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে ২৮ অক্টোবর তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী তদন্ত করছেন।