বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য দিতে বাদী হাজির না হওয়ায় আবার তারিখ ধার্য করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন ২০ ফেব্রুয়ারি।গতকাল ছিল এ মামলায় বাদী এ এফ এম আসিফের সাক্ষ্য গ্রহণের তারিখ। আসিফ নিহত সাব্বিরের নিকটাত্মীয়।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, বাদীর সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁকে পরবর্তী তারিখে হাজির করা সম্ভব হবে। এ জন্য তিনি সময় প্রার্থনা করেন।২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর এবং অপর দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন।আসামি সানবীর তর্যাকালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।গত ২৫ জানুয়ারি পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী) হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম এবং আইনজীবী মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়।