বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বাদী সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় ২৭ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন।আজ এ মামলায় বাদী এ এফ এম আসিফের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসিফ নিহত সাব্বিরের নিকটাত্মীয়।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য আছে। বাদী অনিবার্য কারণে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং অপর দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আসামি সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।গত ২৫ জানুয়ারি পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী) হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম এবং আইনজীবী মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়।