বাদীকে এক আসামি ও চার আইনজীবীর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীর জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে এক আসামি বাদীকে প্রশ্ন করলেন, ‘আপনি বলেছেন, আমার হাতে ভারী অস্ত্র ছিল। আপনি ভারী অস্ত্র চেনেন? নাম বলেন?’ জবাবে বাদী বললেন, ‘নাম জানি না, কিন্তু পজিশন নিতে দেখেছি।’ এরপর আসামির প্রশ্ন, ‘যে ভবনে দাঁড়িয়েছিলাম, সেটি কয় তলা?’ বাদীর জবাব, ‘চার-পাঁচতলা হতে পারে।’পিলখানা হত্যা মামলার বাদী ও লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসাকে গতকাল বুধবার এভাবে জেরা করেন আসামি ও আসামিপক্ষের আইনজীবীরা। বিকেল পৌনে চারটা পর্যন্ত পাঁচজন আসামির পক্ষ থেকে বাদীকে জেরা করা হয়। পরে আদালতের কার্যক্রম ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। মামলার প্রথম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা গত ২৪ আগস্ট সাক্ষ্য দেন।গতকাল সকাল সাড়ে নয়টায় এজলাসে আসেন বিশেষ আদালতের বিচারক জহুরুল হক। এরপর বাদীকে প্রথম জেরা করেন বিলুপ্ত বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমের আইনজীবী। তিনি আদালতকে বলেন, ‘মামলার এজাহার কার বরাবর এবং কোন বিষয়ে করা হয়েছে, তার উল্লেখ নেই। ঘটনাস্থল লালবাগ না হলেও তিনি (লালবাগ থানার ওসি) বাদী হয়েছেন। যে কারণে পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করতে হয়েছে।’ তবে বাদী দাবি করেন, আইনজীবীর এসব বক্তব্য সত্য নয়।এরপর বাদীকে জেরা করেন ডিএডি নাসিরের আইনজীবী। তিনি জানতে চান, বিডিআরের সদর দপ্তর লালবাগ থানার অধীনে পড়ছে কি না। জবাবে বাদী বলেন, ‘কিছু অংশ পড়েছে।’ এরপর ডিএডি জলিলের আইনজীবী জেরা করেন। ডিএডি হাবিবুর রহমানের পক্ষে আইনজীবী জেরা করতে চাইলে হাবিবুর বলেন, আইনজীবীর ওপর তাঁর আস্থা নেই। তিনি নিজেই জেরা করবেন। তিনি জানান, ২১ আগস্ট তিনি কারা কর্তৃপক্ষের মাধ্যমে আইনজীবী প্রত্যাহারের আবেদন করেছেন। এ সময় আদালত তাঁকে বলেন, ‘এটি সাধারণ মামলা নয়। এ মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা খালাস পেতে পারেন। আপনার আইনজীবীর ওপর আস্থা না থাকলে রাষ্ট্রপক্ষ আপনার জন্য আইনজীবী নিয়োগ করবেন।’ জবাবে হাবিবুর বলেন, তিনি তাও চান না। নিজেই জেরা করবেন। এর পর তিনি বাদীকে জেরা করেন।সবশেষে জেরা করেন আসামি সেলিম রেজার আইনজীবী। তিনি বাদীকে বলেন, ‘আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন। আগে কি সরকারের অনুমতি নিয়েছেন?’ জবাবে বাদী বলেন, ‘লিখিত আবেদন করেছিলাম। সে অনুমতি পাওয়ার আগে মৌখিক অনুমতি নিয়েছিলাম।’ এরপর আইনজীবী বলেন, ‘চুরির মামলায় মালামালের পরিমাণ উল্লেখ করতে হয়। সেটা কি করেছিলেন?’ বাদী বলেন, ‘না, করিনি।’ আইনজীবী জানতে চান, ‘ঘটনার পর ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল, এজাহারে তাদের নাম উল্লেখ করেছেন?’ উত্তরে বাদী বলেন, ‘না, করিনি।’ এরপর আইনজীবী বলেন, ‘কতিপয় সদস্য বিডিআরের মহাপরিচালকের বাসায় হামলা করেছিল, তারা কারা, সেটা কি উল্লেখ করেছিলেন?’ জবাবে বাদী করেননি বলে জানান।আদালতের কার্যক্রম শেষে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী সাংবাদিকদের বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেকে। কিন্তু তাঁদের কাউকে মামলা করার সুযোগ দেওয়া হয়নি। ওসিই মামলা দায়ের করেছেন, তদন্তও করেছেন তিনি। এটি করেছেন বিশেষ উদ্দেশ্য নিয়েই।রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক এ বিষয়ে বলেন, যা হয়েছে, সব আইনের মধ্যেই হয়েছে। কোনো আসামির আইনজীবী না থাকলে রাষ্ট্রপক্ষ তাঁর জন্য আইনজীবী দেওয়ার ব্যবস্থা করবে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, এ জন্য ৫০ জন আইনজীবী রয়েছেন।