বাদীকে জেরা শেষ, দ্বিতীয় সাক্ষীকে জেরা শুরু
২৫ ফেব্রুয়ারি পিলখানায় কথিত বিদ্রোহ হয়েছিল বলা হয়। আসলে ওই দিন সেখানে এমন কোনো ঘটনাই ঘটেনি, তাই না?—জেরার সময় বাদীকে এ প্রশ্ন করলেন আসামিপক্ষের এক আইনজীবী। এ সময় বিচারক ওই আইনজীবীকে বললেন, ‘আপনি কি বলতে চাইছেন, সেখানে কেউ নিহত হয়নি?’জবাবে আইনজীবী বললেন, ‘আমি সেটা বলিনি।’ বিচারক বললেন, ঘটনা না ঘটা মানে এ রকমই অর্থ দাঁড়ায়।পিলখানা হত্যাযজ্ঞ মামলার বাদী ও লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসাকে গতকাল বুধবার আসামিপক্ষের আইনজীবীদের জেরার সময় এ কথা বলেন বিচারক। বাদীকে জেরা শেষে দ্বিতীয় সাক্ষী নিউমার্কেট থানার তৎকালীন ওসি কামাল উদ্দিনকে জেরা শুরু হয়। এরপর আদালতের কার্যক্রম ২১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।বকশীবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাঠসংলগ্ন অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল সকাল পৌনে নয়টায় এজলাসে আসেন বিশেষ আদালতের বিচারক ঢাকার জেলা ও দায়রা জজ জহুরুল হক। আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতকক্ষে আসামিদের ডান্ডাবেড়ি পরানো অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা ডান্ডাবেড়ি খুলে দেওয়ার জন্য আদালতের আদেশ চান। আদালত ডান্ডাবেড়ির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা কারা প্রশাসনের ব্যাপার। আদালত আগামী ধার্য তারিখে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে তাঁকে আদেশ দেন।এরপর এ মামলার প্রথম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা নবজ্যোতি খীসাকে জেরা শুরু হয়। তিনি গত ২৪ আগস্ট সাক্ষ্য দেন। ৭ সেপ্টেম্বর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শুরু করেন। গতকাল অবশিষ্ট জেরা হয়। জেরায় বেশির ভাগ আইনজীবী একই বিষয়ে প্রশ্ন করেন। কেউ কেউ অপ্রয়োজনীয় প্রশ্নও করেন। আদালত একপর্যায়ে বলেন, এভাবে প্রশ্ন করে সময় নষ্ট করবেন না।আসামিপক্ষের এক আইনজীবী বাদীকে বলেন, পিলখানায় বিদ্রোহের ঘটনায় যে এজাহার দেওয়া হয়েছে, তাতে কোনো বিষয় উল্লেখ ছিল না। এটা ১৬১ ধারায় জবানবন্দির মতো। এ সময় বিচারক বলেন, গ্রহণযোগ্য একটি বিষয় নিয়ে কেন প্রশ্ন করছেন? জবাবে আইনজীবী বলেন, ‘আমাদের দুঃখ শোনার কেউ নেই। আপনার কাছে বলছি, সেটা শুনুন।’ বিচারক বলেন, শুধু শুধু সময় নষ্ট করবেন না। এরপর আইনজীবী বাদীর কাছে জানতে চান, যে এজাহার আদালতে দিয়েছেন, তাতে কি সিল দেওয়া আছে? বাদী বলেন, ‘নেই।’আসামিপক্ষের আরেক আইনজীবী বাদীকে বলেন, বিডিআর কি সশস্ত্র বাহিনী? জবাবে বাদী বলেন, ‘না।’ এরপর ওই আইনজীবী বলেন, আইনশৃঙ্খলা দেখার জন্য বিডিআরের ভেতরে আলাদা বাহিনী আছে না? বিচারক বলেন, এটা কী ধরনের প্রশ্ন হলো? জবাবে আইনজীবী বলেন, উনি কীভাবে মামলা দায়ের করলেন সেটা জানার জন্য এ প্রশ্ন করেছি। বিচারক বলেন, কীভাবে মামলা হলো সেটা তো রেকর্ডেই আছে। আইনজীবী বলেন, রেকর্ডে থাকলেও এসব জেরায় আসতে হবে। তিনি বাদীকে বলেন, বিডিআরে জওয়ান ও কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। জবাবে বাদী বলেন, সেটা সত্যি নয়।এভাবে জেরা অব্যাহত থাকে। বেলা দেড়টায় ৩০ মিনিট বিরতির পর আদালতের কার্যক্রম আবার শুরু হয়। কিন্তু তিনটা ২৫ মিনিটে বিদ্যুৎ চলে গেলে মাইক বন্ধ হয়ে যায়। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, মাইক বন্ধ হওয়ায় কেউ জেরা শুনতে পাচ্ছেন না। তাঁরা জেরা মুলতবির আবেদন জানান। আদালত জেরা অব্যাহত রাখতে বলেন। বিকেল চারটায় বাদীকে জেরা শেষ হয়।