বাদীকে দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদীর সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে গতকাল বুধবার পিলখানা হত্যাযজ্ঞ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যের পর বাদীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। দায়রা জজ জহুরুল হক এজলাসে বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন সাক্ষী উপস্থাপনের অনুমতি চান। অনুমতি দিয়ে জহুরুল হক বলেন, সাক্ষ্য শুরুর মাধ্যমে বৃহত্তম এ মামলা সফল পরিণতির দিকে যাচ্ছে।এরপর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এ মামলার বাদী ও লালবাগ থানার ত ৎ কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা। বর্তমানে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) নবজ্যোতি তিন পৃষ্ঠার এজাহার উপস্থাপন করেন।বাদী বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করা এবং অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে আসামিরা এসব কার্যকলাপে লিপ্ত হন। তাঁরা যা করেছেন তা রাষ্ট্রদ্রোহসহ গুরুতর অপরাধ। উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমের নেতৃত্বে আসামিরা বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের হত্যা, গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, গ্রেনেড বিস্ফোরণ, ব্যাপক গুলিবর্ষণ, লাশ গুম, অবৈধ আটক, দাঙ্গা, বেআইনি সমাবেশ, সম্পত্তির ক্ষতিসাধনসহ অন্যান্য অপরাধ করেন।নবজ্যোতি খীসা প্রায় পৌনে দুই ঘণ্টা জবানবন্দি দেন। বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আদালতের টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে ভেতরে কথা শোনা যাচ্ছিল না। এতে বিচারক কিছু সময়ের বিরতি দেন। বৃষ্টি কমলে বেলা সাড়ে ১১টায় আবার কার্যক্রম শুরু হয়।বাদীর সাক্ষ্য শেষ হলে তাঁকে ডিএডি তৌহিদের আইনজীবী আমিনুল ইসলাম ও রমজান আলী জেরা করেন। তাঁরা মামলা দায়ের-প্রক্রিয়ায় ত্রুটির কথা তুলে ধরেন। আসামিপক্ষের অপর কয়েকজন আইনজীবী বলেন, এজাহারটি কার বরাবরে এবং কোন বিষয়ে করা হয়েছে, তা উল্লেখ নেই। ঘটনাস্থল লালবাগ না হলেও তিনি মামলার বাদী হয়েছেন, যে কারণে পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করতে হয়েছে।বাদী দাবি করেন, আসামিপক্ষের আইনজীবীদের এসব বক্তব্য সত্য নয়। মামলার আগামী ধার্য তারিখেও আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করবেন।বিস্ফোরকদ্রব্য মামলায় অভিযোগ গঠনের শুনানি: পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বাদীর সাক্ষ্য শেষে একই ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৮৩১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। গতকাল ৪৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়।বেশ কয়েকজন আসামির আইনজীবী ফারুক আহম্মেদ আদালতকে বলেন, একই ঘটনায় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে অভিযোগ গঠনের সুযোগ নেই। তাই এ মামলা থেকে তিনি তাঁর মক্কেলদের অব্যাহতির আবেদন জানান।আসামিপক্ষের অপর কয়েকজন আইনজীবী বলেন, কোনোভাবেই একই ঘটনায় আরেকটি মামলায় অভিযোগ গঠনের সুযোগ নেই। এ ঘটনায় ৫৪টি ময়নাতদন্তের প্রতিবেদনের একটিতেও বিস্ফোরকদ্রব্য দিয়ে কাউকে হত্যা করা হয়েছে মর্মে উল্লেখ নেই। ৮৩১ আসামির মধ্যে ১৭ জন ছাড়া আর কারও দখল থেকেও কোনো বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে মর্মে অভিযোগপত্রে কিংবা সাক্ষীদের বক্তব্যে উল্লেখ নেই। এ মামলার ১৩৯ আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাকি ৩৮১ আসামির বিরুদ্ধে আগামী ধার্য তারিখে শুনানি হবে।পিলখানা হত্যাযজ্ঞ মামলার অভিযোগপত্রভুক্ত ৮৫০ আসামির মধ্যে অভিযোগ গঠনের আগে ডিএডি আবদুর রহিম ও ২৪ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক জয়নাল আবেদিন কারাবন্দী অবস্থায় মারা যান। ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ২১ মে মধ্যরাতে মারা যান ২৪ রাইফেলস ব্যাটালিয়নের হাবিলদার মতিউর রহমান। এ তিনজনকে মৃত্যুজনিত কারণে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এ তিনজন বিস্ফোরকদ্রব্য আইনের মামলারও আসামি ছিলেন। এ দুই মামলার ২০ আসামি পলাতক রয়েছেন। এ দুই মামলার ৮২৯ আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।