বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়নি। ২২ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার বাদী এ এফ এম আসিফ সাক্ষ্য দেওয়ার জন্য আজ আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ নতুন তারিখ নির্ধারণ করেন। আজ বাদীর সাক্ষ্য ও জেরার জন্য দিন ধার্য ছিল। গত বুধবার দ্বিতীয় দিনের মতো বাদীকে জেরা করা হয়েছিল। মামলাটির বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং ওই দিন জামিনের থাকা দুই আসামির পক্ষে আইনজীবীরা জেরা করেন।মামলার পলাতক তিন আসামি হলেন সাফায়েত সোবহান সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির। এঁদের মধ্যে প্রধান আসামি সানবীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।