বাদীকে হুমকি দিচ্ছে হত্যা মামলার আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাজিরায় লিটন বেপারী (৩২) হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাদীপক্ষকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাজিরা থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাঢ়িপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাগোষ্ঠী ও বেপারীগোষ্ঠীর মধ্যে দুই যুগ ধরে বিরোধ চলে আসছে। দুই গ্রুপের মধ্যে দুই শতাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ২০০০ সালে সংঘর্ষে আবু সিদ্দিক বেপারী মারা যান। গত এক বছরে ১০টি সংঘর্ঘের ঘটনা, ২৫টি বাড়িঘর ভাঙচরের ঘটনা ঘটে। এ নিয়ে জাজিরা থানায় উভয় গ্রুপের ১৮টি মামলা হয়েছে এবং পাঁচবার সালিস বৈঠক হয়েছে। সর্বশেষ ১০ মার্চ লিটন বেপারী ও তাঁর সঙ্গী খলিল (৩৬) জাজিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন। জাজিরা হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন গত ১৩ মার্চ রাতে মারা যান। এ ঘটনায় লিটনের ভাই মতিউর রহমান বাদী হয়ে এসকান্দার গ্রুপের ৩২ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন। বর্তমানে হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে লিটনের পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। এদিকে, ১১ মার্চ প্রতিপক্ষের পক্ষে এসকান্দার মোল্লা বাদী হয়ে পাল্টা লুট, নারী ও শিশু নির্যাতন মামলা করেন। নিহত লিটনের মা গোলাপজান বেগম (৫৫) বলেন, ‘জাজিরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন ও এসকান্দার মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার ছেলেটা কিছু দিন আগে বিয়ে করেছে। তার স্ত্রী সন্তানসম্ভবা। একই চক্র আমার স্বামীকে হত্যা করেছে। আমি স্বামী ও সন্তান হত্যার বিচার চাই। হত্যাকারীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে এখন মামলা প্রত্যাহারের জন্য আমাদের হুমকি দিচ্ছে।’লিটনের স্ত্রী শাবানা বেগম (২৫) বলেন, ‘কয়েক মাস পর আমাদের সন্তান পৃথিবীতে আসবে। জন্ম গ্রহণের আগেই তার বাবাকে হত্যা করেছে পাষণ্ডের দল। কে এই সন্তানের দায়িত্ব নেবে? আমি স্বামী হত্যাকারীদের ফাঁসি চাই। হত্যাকারীরা আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ মামলার ভয়ে বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।’এলাকায় গিয়ে হত্যা মামলার আসামিদের পাওয়া যায়নি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘এ গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই যুগ ধরে তাদের এ দ্বন্দ্ব চলে আসছে। ১০ বছর আগে লিটনের বাবা আবু সিদ্দিক বেপারী সংর্ঘষে মারা গেছেন। দুই গ্রুপের অনেক মামলা থানায় রয়েছে। লিটন হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জন্য জামিন এসেছেন। তবে লিটনের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টা আমার জানা নেই।’