বাদ্য বাজিয়ে, রং ছিটিয়ে আনন্দে মেতেছে রংপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগ ঘোষণার পর থেকে বাঁধভাঙা আনন্দে ভাসছে রংপুর। দিনভর বাদ্য বাজিয়ে, রং ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতেছে রংপুরবাসী। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরকে বিভাগ ঘোষণা করার পর থেকে মিছিলে-মিছিলে মুখরিত রংপুর।বাংলাদেশ টেলিকমিউনিকেশন রংপুর আঞ্চলিক অফিসের শ্রমিক-কর্মচারীরা গতকাল মঙ্গলবার সকালে আনন্দ শোভাযাত্রা বের করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। এ ছাড়া রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন আনন্দ শোভাযাত্রা বের করে।বিভাগ ঘোষণা করায় কিছু দাবিও জানিয়েছে অনেকে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা বলেন, ‘বগুড়া থেকে পাইপলাইনের মাধ্যমে অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি করছি।’ কাচারিবাজারের এক পানের দোকানদার মাহবুব বলেন, ‘দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগ ঘোষিত হয়েছে। তবে এ অজুহাতে জিনিসপত্রের দাম যেন না বাড়ে।’গতকাল রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিসে আলোচনার মূল বিষয় ছিল বিভাগ হিসেবে মর্যাদা পাওয়া। রংপুর জিলা স্কুলের শিক্ষক শফিয়ার রহমান বলেন, এখন যত দ্রুত সম্ভব বিভাগের অবকাঠামোসহ অন্যান্য কার্যক্রম চালু করা উচিত। ক্যান্ট পাবলিক স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক লাইলুন নাহার বলেন, বিভাগ হওয়ার খবরে জমির মালিকদের কেউ কেউ এরই মধ্যে জমির দাম বাড়িয়ে দিয়েছে।ফিরে দেখারংপুরকে বিভাগ ঘোষণার দাবি ওঠে ২০০৫ সালের ডিসেম্বর মাসে। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতি ভবনে ডিসেম্বর মাসেই একটি সর্বদলীয় সভা আহ্বান করা হয়। সেই সভায় সব রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে আইনজীবী সমিতির সভাপতি গাজী রহমানকে (প্রয়াত) সভাপতি করে ১০১ সদস্যবিশিষ্ট রংপুর বিভাগ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে সব রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ছিলেন। ওই কমিটির ডাকে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর বৃহত্তর রংপুরের পাঁচ জেলা—রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় সকাল-সন্ধা সর্বাত্মক হরতাল পালিত হয়। সেই হরতালে জরুরি ওষুধের দোকান, পানের দোকান, খাবারের দোকানসহ সব ধরনের দোকানপাট বন্ধ রেখে লোকজন রাজপথে নেমে আসে।ওই সময়ে গঠিত রংপুর বিভাগ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘সব দলকে ঐক্যবদ্ধ করে আমরা আন্দোলন করেছিলাম বিভাগের জন্য। সেই দাবি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করলেন। এ জন্য তাঁকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’