বাধা দিলে লিয়াকত ব্রিগেডিয়ার রহিমকে ফোন ধরিয়ে দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সাক্ষী হিসেবে ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন দুই সার্জেন্ট মো. আলাউদ্দিন ও হেলালউদ্দিন ভূঁইয়া গতকাল সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সাত বছর আগে ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে কীভাবে অস্ত্রগুলো আটক হয় এবং এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভূমিকা কী ছিল, সে সম্পর্কে তাঁরা বিস্তারিত বর্ণনা দেন।চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের বক্তব্য নথিভুক্ত করেন। গতকাল বিকেল তিনটা ৪০ মিনিট থেকে পাঁচটা ১০ মিনিট পর্যন্ত আলাউদ্দিনের এবং বিকেল পাঁচটা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সাত মিনিট পর্যন্ত হেলালউদ্দিনের বক্তব্য নথিভুক্ত করা হয়।আদালত সূত্র জানায়, আলাউদ্দিন ও হেলালের ঘটনার বর্ণনা প্রায় অভিন্ন। অস্ত্র খালাসের শুরুতে বাধা দেওয়ায় আবুল হোসেন পরিচয়ধারী এনএসআইয়ের তৎকালীন পরিচালক মেজর লিয়াকত হোসেন ও চোরাকারবারি হাফিজুর রহমানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সম্পর্কে তাঁরা বিস্তারিত বলেছেন। লিয়াকত ও হাফিজ এখন কারাগারে। আলাউদ্দিন জবানবন্দিতে বলেন, ‘হাবিলদার গোলাম রসুলের মাধ্যমে আমি খবর পেয়ে সিইউএফএল জেটিঘাটে যাই। সেখানে ক্রেনে করে দুটি ট্রলার থেকে কার্টন-ভর্তি মালামাল খালাস হচ্ছিল। বিষয়টি আমি তাৎক্ষণিক উপপুলিশ কমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকীকে জানাই। তিনি আমাকে জানান, “কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পতেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট হেলালকে পাঠানো হচ্ছে। তুমি সেখানে নিরাপত্তা জোরদার এবং কোনো মালামাল যেন বাইরে পাচার হতে না পারে, সেই ব্যবস্থা করো।” এরপর সার্জেন্ট হেলালও আমার সঙ্গে যোগ দেন।’আলাউদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মালামালের মালিক সম্পর্কে জানার চেষ্টা করি। আর বাইরে কোনো মালামাল যেন পাচার না হতে পারে, সে জন্যে বেবিট্যাক্সি দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করি। একপর্যায়ে আবুল হোসেন (মেজর লিয়াকত হোসেন) ও হাফিজ আমার দিকে এসে ধমকের সুরে বলেন, “সরকারের এজেন্সির সহযোগিতায় এসব মালামাল খালাস হচ্ছে। তোরা চলে যা। বাধা দিলে তোদের ক্ষতি হবে”।’আলাউদ্দিন বলেন, ‘একপর্যায়ে হাফিজ পদস্থ এক কর্মকর্তাকে ফোন করে বলেন, “আপনি দুই পুলিশকে সরানোর ব্যবস্থা করেন। ওরা আমাদের কাজে বাধা দিচ্ছে।” পরে ফোন আমার দিকে এগিয়ে দিয়ে হাফিজ বলেন, “কথা বল তোর বাবার সঙ্গে।” উনি এনএসআইয়ের ডিজি (ব্রিগেডিয়ার আবদুর রহিম)। আবুল হোসেনও আমাকে ধমক দিচ্ছিলেন। ঘটনাটি আমি উপপুলিশ কমিশনারকে জানাই। এরপর কর্ণফুলী থানার ওসি আহাদ উপস্থিত হলে আমি তাঁকে তাঁদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সম্পর্কে জানাই।’আলাউদ্দিন জবানবন্দিতে বলেন, ‘ওসি আহাদ এরপর হাফিজ ও আবুল হোসেনের সঙ্গে কথা বলছিলেন। ওসিকেও তাঁরা ধমক দিয়ে বলছিলেন, “আমাদের কাজে কোনো বাধা দেবেন না। এর পরিণতি ভালো হবে না”।’আলাউদ্দিন বলেন, ‘ইতিমধ্যে সার্জেন্ট হেলাল ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে ফাঁড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর উপপুলিশ কমিশনার বাকী ঘটনাস্থলে পৌঁছেন। তিনি আবুল হোসেনের সঙ্গে কথা বলছিলেন। আমি দূর থেকে তা দেখছিলাম। অনুমান করছি, মালামাল ছেড়ে দিতে আবুল হোসেন অনুরোধ করছিলেন। উপকমিশনার অনড় ছিলেন। ফলে আবুল হোসেন হতাশ হয়ে সরে যান। পরে বাকী আমাকে জিজ্ঞেস করেন, “কেউ কি আটক আছে?” আমি পাঁচজনের আটকের কথা জানাই।’আলাউদ্দিন বলেন, ‘পরে ফাঁড়িতে গিয়ে জানতে পারি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুমোদন নিয়ে নগর পুলিশ কমিশনারের নির্দেশে আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। আর এসি মাহমুদ ও ওসি আহাদ অস্ত্র ও গোলাবারুদ ১০টি ট্রাকে ভরে শহরে নেওয়ার ব্যবস্থা করেন।’সার্জেন্ট হেলাল: জবানবন্দিতে হেলাল বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে উপপুলিশ কমিশনার বাকীর কাছ থেকে বেতার বার্তা পেয়ে একটি নৌকাযোগে আমি সিইউএফএল জেটিঘাটে যাই। ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রলার বাঁধা দেখি। একটিতে উঠে দেখি, ১০-১২ জন লোক বসা আছে। ক্রেনের সহযোগিতায় ট্রলার থেকে মালামাল খালাস করে ট্রাকে ওঠানো হচ্ছিল। দ্বিতীয় ট্রলারে একই ধরনের মালামাল দেখতে পাই।’সার্জেন্ট হেলাল বলেন, ‘আমি উপস্থিত লোকজনের কাছে মালামালের মালিক সম্পর্কে জিজ্ঞেস করলে তাঁরা জানান, মালিক চা-দোকানের সামনে আছে। দোকানের সামনে সাত-আটজন লোক জটলা বেঁধে অবস্থান করছিল। এগিয়ে গিয়ে সার্জেন্ট আলাউদ্দিনকে দেখি।’ হেলাল বলেন, ‘আলাউদ্দিন আমাকে বলেন, খালাস হওয়া মালামাল অস্ত্র ও গোলাবারুদ। তিনি হাফিজ ও আবুল হোসেনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। আমি ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে ফাঁড়িতে পাঠিয়ে দিই। পরে রাত আড়াইটার দিকে উপকমিশনার ঘটনাস্থলে গিয়ে আটক পাঁচজনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।’প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে।