মিছিলে বাধা দিলে ও গ্রেপ্তার অব্যাহত থাকলে বিএনপি টানা ৭২ ঘণ্টা ও সাত দিনের হরতাল দেবে বলে হুঁশিয়ার করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথকভাবে ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয়েছে।হরতাল শুরুর পর পর ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে বিএনপির ১৫-২০ জন নেতা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি হয়।ধস্তাধস্তির একপর্যায়ে মির্জা ফখরুল রাস্তায় পড়ে গিয়ে হাতে ব্যথা পান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ যেভাবে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তা চলতে থাকলে প্রয়োজনে আমরা টানা ৭২ ঘণ্টা ও সাত দিনের হরতাল দিতে বাধ্য হব।’ তিনি বলেন, ‘পুলিশের অবস্থান দেখে মনে হচ্ছে, তারা বিএনপি অফিস অবরুদ্ধ করেছে। এভাবে অবরুদ্ধ করে হরতাল প্রতিরোধ করা যাবে না।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করার মাধ্যমে সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। কোনো ধরনের পিকেটিং ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে হরতাল পালিত হচ্ছে।বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, হরতালের প্রথম দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে বিএনপির সাত শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা, মাহবুবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।