বাধা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার ১৪৪ ধারা জারি করে কিংবা হামলা-মামলা করে ইসলামী আন্দোলন দমন করতে পারবে না।মাওলানা ইউনুছ বলেন, দেশব্যাপী গণজাগরণ শুরু হয়েছে। এ গণজাগরণকে সরকার ইচ্ছা করলেই ঠেকাতে পারবে না। বরং বাধা দিলে স্রোতের তীব্রতার ন্যায় আন্দোলন আরও গতিশীল হবে। আজ মঙ্গলবার ধানমন্ডির সিটি হাসপাতালে দলের আহত প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে দেখতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে মাওলানা ইউনুছ এসব কথা বলেন।মাওলানা ইউনুছ আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় সন্ত্রাস ও পুলিশ দিয়ে আল মাদানীসহ শত শত নেতা-কর্মীকে আহত করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ঠেকাতে চেয়েছিল সরকার। কিন্তু এই আন্দোলনকে ঠেকাতে পারে, এমন কোনো শক্তি নেই।এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।