বাধ্য হয়ে নারীর শাসন মেনে নিয়েছি: আমিনী
‘আমরা বাধ্য হয়ে নারীর শাসন মেনে নিয়েছি, কিন্তু সব ক্ষেত্রে চুপ থাকতে পারি না।’ প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোট (একাংশ) ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী এ কথা বলেছেন। ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।কমিটি নারীকে পুরুষ বানানোর তদবির ও কলাকৌশল মানবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়। তাঁরা বলেন, ইসলামের নীতিমালা পাশ কাটিয়ে ইসলামকে ধ্বংস ও উত্খাত করার লক্ষ্যে এ নীতিমালা প্রণীত হয়েছে। জীবন দিয়ে হলেও এ নীতিমালা প্রতিহত করা হবে। প্রস্তাবিত নীতিমালাটি অবিলম্বে স্থগিত না করলে রাজপথে ‘কোরআন রক্ষার স্কয়ার’ ঘোষণা করে কমিটি কর্মসূচি দেবে। কমিটি আগামী ৪ এপ্রিলের হরতাল কর্মসূচি সফল করতে ১৮ মার্চ শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশেরও ঘোষণা দিয়েছে। ফজলুল হক আমিনী বলেন, ‘এ নীতিমালায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেটা মানি না।’ ইসলামে হরতাল বৈধ কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পবিত্র কোরআন-হাদিসে হরতালের বিরুদ্ধে কোনো কথা নেই। পাকিস্তানে হরতাল হয়েছে।’ তাঁরা নিজেদের প্রয়োজন মতো পবিত্র কোরআন-হাদিস কেন ব্যবহার করেন—জানতে চাইলে আমিনী ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আপনারা কি আমাদের চেয়ে বেশি বোঝেন?’সংবাদ সম্মেলনে খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, মুফতি ওয়াক্কাস, মুফতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।