বাধ্য হয়ে ক্ষমতা নিয়েছি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি এমনি এমনি ক্ষমতা নিইনি। বাধ্য হয়ে নিয়েছি। ১৯৮৪ সালে আমার কোনো দল ছিল না। আমি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। অনেক দলকে আহ্বানও করেছিলাম। কেউ আসেনি। এ কারণে সামরিক শাসন জারি করতে হয়েছিল।’আজ সোমবার রংপুর টাউন হলে ইফতার পার্টি ও কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ এ কথা বলেন। রংপুর জেলা জাতীয় পার্টি এর আয়োজন করে।সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় সম্পর্কে এরশাদ বলেন, ‘এটি একটি ঐতিহাসিক রায়। আমি এ রায় গ্রহণ করেছি।’ তিনি দাবি করেন, ‘১৯৮৬ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। এখন থেকে জাতীয় পার্টি ১০ নভেম্বর দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে।’এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, ‘আমি রংপুর আসার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছি। প্রধানমন্ত্রীকে বলেছি, গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমার দল আপ্রাণ চেষ্টা করে যাবে।’জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, সাংসদ আসিফ শাহরিয়ার, আনিসুল ইসলাম মণ্ডল প্রমুখ।