বাধ্যতামূলক অবসরের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাজনিত কারণে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিধান বিলোপ, ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের বিধান রেখে বেসামরিক প্রশাসনের জন্য আইনের খসড়া তৈরি (সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১০) হয়েছে। আগে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর বা বাধ্যতামূলক অবসরের সুযোগ ছিল। বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না। খসড়ায় অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করার প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে আইনের খসড়া চূড়ান্ত করা হয়। গত এপ্রিল মাসে আইনের খসড়া প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হলে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি করে খসড়া চূড়ান্ত করতে নির্দেশ দেন। এ কমিটি সাতটি বৈঠক করে গতকাল খসড়া চূড়ান্ত করে। খসড়ায় বেসামরিক প্রশাসনের কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য অংশে বলা হয়েছে, ‘সততা, পেশাদারিত্ব, ন্যায় ও সমতার নীতি গ্রহণ করে জনগণকে সেবা প্রদান, নিরপেক্ষতার নীতি হিসাবে কোনো ব্যক্তি, শ্রেণী বা রাজনৈতিক দলের প্রভাবে বা অনুকূলে কাজ না করা এবং সেবা প্রদানের ক্ষেত্রে বৈষম্য না করা।’ এতে আরও বলা হয়েছে, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মচারীরা শারীরিক, মানসিক বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণের অধিকারী হবেন।’ আইনের আশ্রয় গ্রহণ ও আদালতে দণ্ড পাওয়া সম্পর্কে খসড়ায় বলা হয়েছে, ‘প্রত্যেক কর্মচারী আইনানুগ দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত হলে আইনের আশ্রয় নিতে পারবেন। তবে দায়িত্ব পালনকালে উদ্ভূত কোনো ঘটনার কারণে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো আদালত উক্ত অপরাধের জন্য কোনো মামলা গ্রহণ করতে পারবেন না এবং কোনো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে গ্রেপ্তার করতে পারবে না।’ খসড়ায় কর্মচারী শৃঙ্খলার বিষয়ে বলা হয়, কোনো কর্মচারী দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত অপরাধ ব্যতীত কোনো অপরাধে আদালত কর্তৃক তিন বছর পর্যন্ত মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে চাকরিতে বহাল রাখার বিষয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিন বছরের বেশি দণ্ড হলে সংশ্লিষ্ট কর্মচারী তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত হয়েছেন বলে গণ্য হবেন। প্রসঙ্গত, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, বেসামরিক প্রশাসন আইনের দ্বারা পরিচালনার বিধান থাকলেও গত ৩৯ বছরেও কোনো সরকার আইন করেনি। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, একটি করে কমিশন অথবা কমিটি গঠন করেছে। এসব কমিশন বা কমিটির পেছনে টাকা খরচ হয়েছে কিন্তু তাদের সুপারিশ বাস্তবায়িত হয়েছে খুব সামান্যই। প্রশাসনের তিন স্তর: জানা গেছে, খসড়া আইনে বেসামরিক প্রশাসনের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সব সরকারি চাকরিজীবীকে বেতনস্কেল অনুযায়ী শ্রেণীভেদে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের সর্বোচ্চ স্তর (সুপিরিয়র), তৃতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জ্যেষ্ঠ স্তর এবং দশম থেকে ১২তম গ্রেডের কর্মকর্তাদের কনিষ্ঠ স্তরের চিহ্নিত করা হয়েছে। স্তর অনুযায়ী কাজের পরিধিও ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে কর্মকর্তার দায়: দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপপ্রয়োগ কর্মকর্তার ব্যক্তিগত দায় হিসেবে আইনে গণ্য করা হয়েছে। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের অথবা কোনো ব্যক্তির ক্ষতি সাধিত হলে তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। তবে খসড়ায় জবাবদিহির ধরন বা শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়নি। যদিও এ জন্য আলাদা বিধিমালায় শাস্তির বিধান রয়েছে। মাঠপর্যায়ে বদলি ও নিয়োগ: মহানগর এলাকার বাইরে মাঠপর্যায়ের যেকোনো পদে তিন বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন কোনো কর্মকর্তাকে সচিবালয়ে সমপর্যায়ের কোনো পদে নিয়োগ করা যাবে না মর্মে বিধান রাখা হয়েছে। জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, আইন প্রণয়নের প্রয়োজন আছে। কারণ, যখন যে সরকার আসে, তারা তাদের মতো করে বিধিবিধান করে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ করে। এতে অনেক সময় রাজনৈতিক প্রভাব বিদ্যমান থাকে।