বাধ্যতামূলক অবসরের আদেশে এখন যেকোনো কর্মকর্তা সই করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত যেকোনো পদমর্যাদার কর্মকর্তা সই করতে পারবেন। এ জন্য ১৯৭৫ সালের বিধানের সঙ্গে সরকারের কর্মবণ্টন নীতিমালার (রুলস অব বিজনেস) দুটি ধারা সংযোজন করা হয়েছে। আগে যুগ্ম সচিবের নিচের কোনো কর্মকর্তা এ ধরনের আদেশে সই করতে পারতেন না। সূত্র জানায়, নিয়ম না থাকলেও বিভিন্ন সময় দেখা গেছে, যুগ্ম সচিবের নিচের কর্মকর্তাও বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশে সই করছেন। ফলে ভুক্তভোগী আদালতে গেলে ওই ধরনের আদেশ অবৈধ বলে বিবেচিত হয়েছে। গণকর্মচারী অবসর আইনের অধীন ১৯৭৫ সালের ২০ জুন জারি করা বিধানের ৯(২) উপধারায় চাকরি থেকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মন্ত্রীর হাতেই ছিল। মন্ত্রীর অনুমোদন নিয়ে ন্যূনপক্ষে যুগ্ম সচিবের স্বাক্ষরে আদেশ জারি করতে হবে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত; বিশেষ করে, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় পদে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে চিহ্নিত ব্যক্তিদের অনেককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে। নতুন বিধানের কারণে আদালতে বিক্ষুব্ধ পক্ষে রায় পাওয়ার সুযোগ কমে যাবে বলে প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন। এই কর্মকর্তারা বলেন, নব্বইয়ের দশকের পর যত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, এর মধ্যে যাঁরাই আদালতে গেছেন তাঁরা চাকরি ফিরে পেয়েছেন। মূলত জনস্বার্থ ব্যাখ্যা করতে না পারা ও আদেশে যুগ্ম সচিবের সই না থাকায় আদালত আদেশ অবৈধ ঘোষণা করেন। প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ৪ দফায় বলা হয়েছে, গণকর্মচারীকে চাকরি থেকে অবসর দেওয়ার সিদ্ধান্ত হলে সেই আদেশে রুলস অব বিজনেস বিধি-৫(২) এবং তফসিল-২ অনুযায়ী যেকোনো কর্মকর্তার স্বাক্ষরে আদেশ জারি করা যাবে। একই সঙ্গে এ-সংক্রান্ত ১৯৭৫ সালের বিধান বাতিল করা হয়েছে। রুলস অব বিজনেসের বিধি-৫(২)-এ বলা হয়েছে, প্রজাতন্ত্রের সব আদেশ-নির্দেশ রাষ্ট্রপতির পক্ষে গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে। আর তফসিল-২-এ অন্তর্ভুক্ত আছে সহকারী সচিব বা সমমর্যাদাপূর্ণ এবং তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তার নাম। অর্থাত্ রুলস অব বিজনেসের এই দুটি দফা প্রজ্ঞাপনের সঙ্গে যুক্ত করায় এখন চাকরি থেকে অবসর দেওয়ার আদেশে তফসিল-২-এ বর্ণিত কর্মকর্তাদের যে কেউ স্বাক্ষর করতে পারবেন। রাষ্ট্রপতির অনুমোদন না নিলেও তা রাষ্ট্রপতির নামেই জারি হয়েছে বলে গণ্য হবে। উল্লেখ্য, ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯(২) উপধারার বিধানমতে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার যে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেও স্বেচ্ছায় অবসর নিতে পারেন। জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, সরকারের কার্যবণ্টন নীতিমালা অনুযায়ী গণকর্মচারী অবসর দেওয়ার ক্ষেত্রে এখন যেকোনো পদমর্যাদার কর্মকর্তা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আদেশ জারি করতে পারবেন। ১৯৭৫ সালের এ-সংক্রান্ত বিধান কেবল স্পষ্টীকরণ করা হয়েছে। এ ধরনের সংযোজনীর ক্রিয়া-প্রতিক্রিয়া কী হতে পারে—জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, নতুন এ বিধানের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে। তাঁর মতে, নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ কাউকে চাকরিচ্যুত করতে পারে না। এ বিধানের ফলে জনপ্রশাসনে রাগ-অনুরাগ বা স্বার্থগত দ্বন্দ্বের কারণে কেউ কারও ওপর রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায় সুযোগ নিতে পারে। রেগুলেটরি রিফর্মস কমিশন থেকে তিনি এই আইনটি বাতিলের সুপারিশ করেছিলেন বলেও জানান। আকবর আলি খান বলেন, মূলত কেউ সক্ষমতা হারালে কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে এ আইনের ব্যবহার করার কথা। কিন্তু এটি সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ব্যবহূত হয়ে আসছে দুই দশক ধরে। তাই এই বিধান উঠিয়ে দেওয়া উচিত। সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বিধিবিধানে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে প্রথম আলোকে বলেন, বাধ্যতামূলক অবসর দেওয়ার সুযোগটাই রহিত করা উচিত। কারণ, যেভাবে গণকর্মচারীদের দলীয়ভাবে বিবেচনা করা হয় এবং ক্ষেত্রবিশেষে কর্মকর্তারাও যেভাবে দলীয়ভাবে ব্যবহূত হচ্ছেন, তাতে কর্মকর্তাদের মনে সব সময়ই আশঙ্কা থাকে, কখন কাকে চাকরি থেকে বিদায় নিতে হবে। এ রকম ভয়ভীতি নিয়ে প্রশাসনে কাজ করা যায় না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান স্পষ্টীকরণের ফলে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের কর্মচারীদের মনে ভীতি বাড়তে পারে।