বান কি মুন ঢাকায় আসছেন আজ
জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ রোববার বাংলাদেশ সফরে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের শুরুতে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তিনি। এর পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফরে যাবেন। খবর ইউএনবির।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দেশে নারী ও শিশুস্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে অগ্রগতি ও নেতৃত্ব পরিদর্শন করাই বান কি মুনের এই সফরের মূল লক্ষ্য। ২০১০ সালে বান কি মুনের উদ্যোগে চালু হয় প্রতিটি নারী ও প্রতিটি শিশুর (এভরি ওম্যান এভরি চাইল্ড) জন্য কর্মসূচি। এই কর্মসূচিতে নারী ও শিশুর স্বাস্থ্যসেবার বিষয়টিও রয়েছে। সফরকালে জাতিসংঘের মহাসচিব মৌলভীবাজার জেলায় একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। সরকারের পরিচালনাধীন একটি প্রকল্পের অধীনে সেখানে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষুদ্রঋণের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবার উন্নয়নে নারীর ক্ষমতায়নে সরকারি ও বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি যৌথ প্রকল্পও পরিদর্শন করবেন বান কি মুন।রাজধানীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) পরিদর্শন করবেন বান কি মুন। এ ছাড়া, ঢাকায় জলবায়ু বিপন্ন দেশগুলোর মোর্চা ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলনে ভাষণ দেবেন তিনি।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন বান কি মুন। এ সময় শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনের সময় নিহত শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানেও ভাষণ দেবেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে একটি সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে।সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বান কি মুন।