বান কি মুনের নেতৃত্বে জাতিসংঘ ‘ভেঙে পড়ছে’: সাবেক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস (ওআইওএস) দপ্তরের সাবেক প্রধান ইঙ্গা-ব্রিট আহলেনিয়াস জাতিসংঘের মহাসচিবের বিরুদ্ধে দুর্বল নেতৃত্বের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, মহাসচিব বান কি মুনের নেতৃত্বে বিশ্ব সংস্থাটি ভেঙে পড়ছে এবং অপ্রাসঙ্গিক হয়ে উঠছে।জাতিসংঘের কর্ণধার হিসেবে বানের কাজকর্মের এ সমালোচনা গতকাল মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়। সমালোচনাটি এমন একসময়ে করা হলো যখন দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুনের জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে বহাল থাকার সম্ভাবনা নিয়ে তাঁর সহকর্মীরা জল্পনা-কল্পনা করছেন। সুইডেনের নাগরিক ইঙ্গা-ব্রিট আহলেনিয়াস বলেন, বানের অধীনে কাজের ‘কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতারও ঘাটতি রয়েছে।’আহলেনিয়াস তাঁর ‘নিয়োগ শেষের’ প্রতিবেদনে বলেন, ‘আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে (জাতিসংঘের) সচিবালয় এখন পতনের পথে।’ তিনি গত সপ্তাহে পদত্যাগ করেন এবং এখনো তাঁর উত্তরসূরি হিসেবে কারও নাম প্রকাশ করা হয়নি।প্রতিবেদনটিতে আহলেনিয়াস বলেন, ‘এটা শুধু ভেঙেই পড়ছে না...এটা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে।’ তিনি বলেন, বান ওআইওএসের স্বাধীনতাকে লঙ্ঘন করেছেন। ওআইওএস জাতিসংঘে কোনো সন্দেহজনক কাজ-কর্ম হলে সে বিষয়ে তদন্ত করে থাকে।অন্যদিকে বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, তাঁর বস যখন ২০০৭ সালে কফি আনানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তখন যে অঙ্গীকার করেছিলেন সে অনুযায়ী জাতিসংঘে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়িয়েছেন।বানের চিফ অব স্টাফ বিজয় নামবিয়ার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেন, আহলেনিয়াসের প্রতিবেদনে ‘অনেক প্রাসঙ্গিক তথ্য বাদ দেওয়া হয়েছে বা এগুলোর অপব্যাখ্যা করা হয়েছে।’এদিকে জাতিসংঘের কূটনীতিকেরা আশা করছেন বান জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরবর্তী মেয়াদটি ২০১২ সালে শুরু হবে।—রয়টার্স