বানরের হাত থেকে ওবামাকে রক্ষায় দিল্লিতে তোড়জোড়
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দলছুট বানরের খপ্পরে যেন পড়তে না হয়, সে লক্ষ্যে দিল্লিতে এখন চলছে মহাতোড়জোড়। ওবামা দিল্লি এসে আইটিসি মৌর্যতে অবস্থান করবেন। ৭ নভেম্বর থেকে ওবামার দিল্লি সফর শুরু এবং এখানে তিনি দিন দুই কাটাবেন। তিনি মোগল সম্রাট হুমায়ুনের সমাধীতে যাবেন। কিন্তু মৌর্য ও হুমায়ুনের সমাধীর আশপাশে রয়েছে প্রচুর বানরের উপস্থিতি। তাই বানরেরা কখন কী করে বসে এ নিয়ে শঙ্কায় দিল্লির প্রশাসন।বানরের বাঁদরামি থেকে ওবামাকে রক্ষায় এবং ওই এলাকার নিরাপত্তা জোরদারে কমান্ডো বাহিনী, বন্দুকবাজ ও বানর ধরা ব্যক্তিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হবে। জনপ্রিয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস-এর খবরে আজ এ কথা বলা হয়।নিরাপত্তাবিষয়ক পুলিশের জয়েন্ট কমিশনার তাজ হাসান বলেন, ‘সোমবার সব সংস্থার বৈঠকেই নিরাপত্তার এ দিকটি নিয়ে আলোচনা হবে।’ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ওবামার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বানর ধরাদেরও নিয়োজিত করব।’উল্লেখ্য, মার্কিন কর্তৃপক্ষ দুদিনের জন্য আইটিসি মৌর্যের সব রুম বুক করে নিয়েছে। প্রেসিডেন্ট এই আইটিসি মৌর্যতেই উঠবেন।—বাসস।