নয় বছরেও গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা মামলার কোনো সুরাহা হয়নি। সাতজন তদন্ত কর্মকর্তা বদল ছাড়া এই দীর্ঘ সময়ে মামলার তদন্তের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রথম থেকেই এ বোমা হামলার ঘটনায় ধর্মভিত্তিক উগ্রপন্থী গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় ছিল। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তদন্তে জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়টি আমলেই নেওয়া হয়নি। উল্টো তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়। ঘটনাটিকে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয়। এরই অংশ হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিভিন্ন সময়ে টেকেরহাটের ব্যবসায়ী বাসুদেব সাহাসহ নিরীহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে অভিযোগ রয়েছে।২০০১ সালের ৩ জুন ভোরে সাপ্তাহিক প্রার্থনার দিন গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত ও ৫০ জন আহত হন।সিআইডি সূত্র জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মুকসুদপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। পরে মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর হয়। এর মধ্যে চারদলীয় জোট সরকার আমলে দুই দফায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সাক্ষ্য-স্মারক (এমই) দেন তত্কালীন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জাহাঙ্গীর আলম। অবশ্য সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মতি না দেওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া যায়নি। প্রসঙ্গত, মামলার অভিযোগ প্রমাণিত না হলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা শেষ করে দেওয়া হয়।জাহাঙ্গীর আলম বদলি হয়ে গেলে তাঁর স্থলে মামলাটির তদন্তভার পড়ে পরিদর্শক ফজলুর রহমানের ওপর। তিনি ২০০৬ সালে ঢাকায় র্যাব সদর দপ্তরে গিয়ে রিমান্ডে থাকা জঙ্গি নেতা মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মুফতি হান্নানকে গ্রেপ্তার দেখানো হলেও এ মামলায় তাঁকে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। এরপর ফজলুর রহমান বদলি হলে মামলাটির তদন্তভার গ্রহণ করেন ফরিদপুর সিআইডি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রদ্যুত্ কুমার মজুমদার। তারপর তদন্ত কর্মকর্তা ছিলেন এএসপি নজরুল ইসলাম। বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির গোপালগঞ্জ ক্যাম্পের পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, নানা কারণে এত দিন মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁকে গোপালগঞ্জ আদালতে নেওয়া হলে এ মামলায় রিমান্ড চাওয়া হবে। আক্তারুজ্জামান বলেন, দ্রুত মামলটির অভিযোগপত্র দেওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে তদন্তের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছেন ওই হামলায় নিহতদের স্বজনেরা। ওই হামলায় নিহত সুমনের বাবা সুখরাম হালদার বলেন, ‘মনে হয় এই জীবনে ছেলের হত্যার বিচার দেখতে পারব না।’