বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে বান্দরবান ও খাগড়াছড়িতে দায়ের করা দুটি মামলায় ৮২ জন জওয়ানের বিরুদ্ধে আজ রোববার অভিযোগ গঠন করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জওয়ানের বিরুদ্ধে সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বিকেল তিনটার দিকে। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালতে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। আদালতে সভাপতিত্ব করেন রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। এই ৩৫ জওয়ানের মধ্যে সাতজন নিজের দোষ স্বীকার করেন আর বাকিরা নির্দোষ বলে দাবি করেন। কাল সোমবার এ মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে। এদিকে খাগড়াছড়ি ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই আসামিদের মধ্যে তিনজন নিজের দোষ স্বীকার করেছেন।খাগড়াছড়ি সেক্টর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। কাল সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালতে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।