বান্দরবানে তামাক ঠেকাতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে তামাক চাষের আগ্রাসন ঠেকাতে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে। জেলায় এক হাজার একরের বেশি জমিতে তামাক চাষ করা যাবে না বলে নিম্ন আদালত আদেশ দিয়েছেন। হাইকোর্ট সে আদেশ স্থগিত করেছেন। তবে হাইকোর্ট বলেছেন, চাষ বন্ধের আদেশ স্থগিত থাকলেও নিম্ন আদালতে মামলার স্বাভাবিক কার্যক্রম চলবে। যদিও গত পাঁচ মাসে আর মামলাটির শুনানি হয়নি।আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ আগস্ট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), ঢাকা টোব্যাকো কোম্পানি (ডিটিসি) ও আবুল খায়ের কোম্পানির বিরুদ্ধে মামলা করেন স্থানীয় জাফর ইকবাল ও আলাউদ্দিন শাহরিয়ার। এর পরিপ্রেক্ষিতে আদালত তামাক চাষ ও উৎপাদনের সব প্রক্রিয়া বন্ধ রাখার আদেশ দেন। মামলায় তিন প্রতিষ্ঠানের জেলা ব্যবস্থাপক, জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালকসহ ২২ জনকে বিবাদী করা হয়। পরে পার্বত্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ আরও চার সচিবকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আদালত গত বছরের ৫ সেপ্টেম্বর প্রথম দফায় দেওয়া আদেশ কিছুটা সংশোধন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো জমিতে তামাক চাষ না করার নির্দেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে দুই পক্ষই জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আদালত শুধু বাদীর আপিল গ্রহণ করেন এবং এক হাজার একরের বেশি জমিতে তামাক চাষ না করার আদেশ দেন। তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে আদেশ পুনর্বিবেচনা মামলা (রিভিশন কেস) করে। হাইকোর্ট জেলা ও দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করে রুল নিশি জারি করেন। তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলা চলবে বলে আদেশে বলেন। উচ্চ আদালত গত ১২ ডিসেম্বর এই আদেশ দেন। কিন্তু গত পাঁচ মাসে এর কোনো শুনানি হয়নি। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ও তামাক চাষ বন্ধের মামলার প্রধান আইনজীবী মো. মহিউদ্দিন বলেন, কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। মামলাটির স্বাভাবিক বিচারিক কার্যক্রমও অবিলম্বে শুরু করা হবে বলে জানান তিনি।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শামসুদ্দিন আহমদ জানান, এ বছর বান্দরবানে তিন হাজার ৩৮২ হেক্টর বা ৮ হাজার ৩৫৩ একর জমিতে তামাক চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল চার হাজার ৮৫ হেক্টরে।