বান্দরবানে নাসাকা বাহিনীর ২ সদস্য আটক
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়িতে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বিডিআর। নাসাকা বাহিনীর ওই সদস্যরা গোপনে অনুপ্রবেশ করেন বলে বিডিআর সূত্র জানিয়েছে।নাসাকার আটক সদস্যরা হলেন সার্জেন্ট য়েঁইছো ও ল্যান্স করপোরেল অংম্যাথুন। তাঁদের মধ্যে সার্জেন য়েঁইছো ওই বাহিনীর পোশাকপরিহিত ছিলেন। তাঁরা দুজনই বাইশফাঁড়ির বিপরীতে সীমান্তের ওপারে ছদাইত ক্যাম্পে দায়িত্ব পালনরত ছিলেন।বিডিআর ও স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘুনধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমা হেডম্যানপাড়া এলাকা দিয়ে নাসাকা সদস্যরা অনুপ্রবেশ করেন। এ সময় তুমব্রু বিডিআর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। আটক নাসাকা সদস্যদের ব্যাপারে আলোচনার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাখাওয়াত হোসেন।