বান্দরবানে পর্যটন রিসোর্টের কর্মচারী অপহরণ
বান্দরবান শহরতলির বেসরকারি পর্যটন রিসোর্ট ‘শাকুরা ভিলেজ’ থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে ওমর ফারুক নামের একজন কর্মচারীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। তারা আজ শনিবার সকালে অপহূতের মুক্তির বিনিময়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহূতকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পর্যটক জানিয়েছেন, অস্ত্রধারী দুর্বৃত্তরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাকুরা ভিলেজে ঢুকে পড়ে। এ সময় তাঁরা পর্যটকদের সবাইকে যাঁর যাঁর কটেজে ঢুকে যেতে বললে সবাই যে যাঁর কটেজে ঢুকে যান। রিসোর্টের কর্মচারী ফকরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা রিসোর্টের প্রধান দরজা দিয়ে ঢুকে। অভ্যর্থনা হলে তত্ত্বাবধানকারী ও পাচক (সুপারভাইজার কাম কুক) ওমর ফারুককে পেয়ে ধরে নিয়ে যায়।রিসোর্টের আরেক কর্মচারী সুকুমার বড়ুয়া জানান, তিনি সাত থেকে আটজন সন্ত্রাসী রিসোর্টের মূল কার্যালয়ের পেছনের দিক দিয়ে ওমর ফারুককে নিয়ে যেতে দেখেছেন।ফকরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা আজ সকালে তাঁকে মোবাইলে ফোন করে ওমর ফারুকের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেছে। আজ সন্ধ্যার মধ্যে তারা এ টাকা দিতে বলেছে। ফোনে তারা নিজেদের ইউপিডিএফের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে বলে তিনি জানান।তবে এ ব্যাপারে ইউপিডিএফের তরফ থেকে তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সময় রিসোর্টের মালিক কলিমুল্লাহ কিসলু কটেজে ছিলেন। যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী সম্পর্কে তিনি জানেন। তবে তারা কখনো তাঁর কাছে চাঁদা দাবি করেনি। জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ ব্যাপারে বলেন, কারা অপহরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপহূতকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে নেমেছে।