বান্দরবানে পাহাড়ধসে দুই শ্রমিক নিহত
বান্দরবানে গত মঙ্গলবার দিবাগত রাতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটির সুযোগে কয়েক দিন ধরে গভীর রাতে জেলা শহরের ব্রিগেড সদর দপ্তরসংলগ্ন অক্ষ্যংঝিরি এলাকায় পাহাড় কাটা হচ্ছিল। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটার সময় হঠাত্ মাটি ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই দুজন শ্রমিক নিহত হন। তাঁরা হলেন মোহাম্মদ ইসমাইল (৫৫) ও আবদুল মান্নান (৩২)। তাঁদের বাড়ি পটুয়াখালীতে। তাঁরা বালাঘাটা ও ওয়াপদা ব্রিজ এলাকায় থাকতেন।সূত্র জানায়, পাহাড়ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে যান। পরে সড়ক ও জনপথ বিভাগের বুলডোজার দিয়ে মাটি সরিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামস-উল হুদা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম ও পুলিশ সুপার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নয়জন শ্রমিককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।বান্দরবানের নির্বাহী হাকিম শামীম হোসেন আটক নয়জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘পেটের দায়ে তাঁরা সেখানে কাজ করছিলেন। যাঁরা পাহাড় কাটার জন্য শ্রমিকদের নিয়োজিত করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, জমির মালিক সোনালী ব্যাংকের কর্মচারী শ্যামল তঞ্চ্যঙ্গা এবং যাঁরা মাটি নিচ্ছেন তাঁদের (উদ্ধেন্তু তঞ্চ্যঙ্গা ও সুশীল তঞ্চ্যঙ্গা) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পাহাড় কাটা ও হত্যা মামলা করা হবে।