বান্দরবানে পাহাড়ধসে মা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রবল বর্ষণে গতকাল মঙ্গলবার দুপুরে পাহাড়ধসের ঘটনায় শিশুসন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন।এদিকে বিভিন্ন সড়কে পাহাড় ধসে পড়ায় জেলা শহরের সঙ্গে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমের যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তা ছাড়া পাহাড়ি ঢলের পানিতে বান্দরবান জেলা শহর ও লামা পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরছাড়া হয়েছে শত শত পরিবার। তারা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদি এলাকাসংলগ্ন পেশকার ঘোনায় আবদুল আলীর বসতবাড়ির ওপর গতকাল বেলা সোয়া একটার দিকে পাহাড় ধসে পড়ে। এতে ওই বাড়ির ভাড়াটিয়া আবুল গফরের স্ত্রী রাহেজা বেগম (৩০) এবং তাঁর কোলে থাকা আট মাস বয়সী ছেলে আবু বক্কর মাটিচাপা পড়ে মারা যায়। আহত হন জুলেখা বেগম (২৫), শফিকা বেগম (৩৫), সাগর (৫) ও শারমিন (৫) নামের চারজন।পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত লোকজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছেন।বান্দরবান জিপ মালিক সমিতির সভাপতি নূরুল আলম জানান, সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় গতকাল সকাল থেকে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের সঙ্গে জেলা শহরের যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।এদিকে টানা বৃষ্টিপাতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে যাওয়ায় জেলা শহরের আর্মিপাড়া, কাশেমপাড়া, ওয়াপদা ব্রিজ ও ইসলামপুর এলাকা পানিতে ডুবে গেছে। এসব এলাকার কয়েক শ পরিবার কালেক্টরেট বিদ্যালয় ও ওয়ার্ল্ড ভিশনের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল জানান, লামা থানা কার্যালয়, লামা বাজারের একাংশ, মধুঝিড়িসহ বিস্তীর্ণ এলাকা মাতামুহুরি নদীর পানিতে ডুবে গেছে।