বান্দরবানে বন্য হাতির আক্রমণে একই পরিবারের তিনজন নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্গম পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতের মধ্যে দুই শিশু রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন—মা সাজেদা বেগম (৪২) এবং দুই শিশু—কোহিনূর আক্তার (১০) ও রোজিনা আক্তার (৬)।জানা যায়, গতকাল রাত আটটার দিকে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাইশাড়ি ইউনিয়নের নতুন চাকপাড়া এলাকায় আবুল কাশেমের বাড়িতে একটি বন্য হাতি আক্রমণ চালায়। এতে ওই তিনজন মারা যায়।পরিবারের প্রধান আবুল কাশেম জানিয়েছেন, রাত আটটার দিকে হাতিটি হামলা চালায়। এ সময় তিনি এবং তাঁর বড় ছেলে পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানকে হাতি মেরে ফেলে। পরে পাড়ার লোকজন এক হয়ে হাতিটিকে তাড়া করলে রাত ১২টার দিকে সেটি চলে যায়। পুলিশের বাইশাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন, হাতির আক্রমণে লাশগুলো ক্ষত-বিক্ষত হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।