বান্দরবানে বাস খাদে পড়ে নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে আজ শনিবার সকাল আটটার দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। দুর্ঘটনাস্থলে ১৩ জন এবং পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরও চারজন।বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল মোমেন চৌধুরী হতাহতের এ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ৩৩ জনকে উদ্ধার করে বিজিবির গাড়ি ও ভ্যানে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও চারজন মারা গেছেন। দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী কমলাপাড়া চাকমা পুনর্বাসন পাড়ার প্রধান (কারবারি) গুড়িকালা চাকমা প্রথম আলো অনলাইনকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. উইলিয়াম প্রথম আলো অনলাইনকে বলেন, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।বিজিবি, পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে থানচি থেকে বান্দরবানে যাওয়ার পথে শিলাজিরি এলাকায় উঁচু পাহাড়ি পথ দিয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী উদ্ধারকাজে অংশ নেয়। এর পরপরই উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর ১৭ ইসিবি, বিজিবি ১০ ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা।নিহতদের মধ্যে এ পর্যন্ত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের থানচি প্রতিনিধি মং বোয়াইচিং চাকমা প্রাথমিকভাবে দুটি লাশের পরিচয় জানিয়েছিলেন। তাঁরা হলেন—থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ওহ্লা সিং ও তাঁর সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে খিখিনুর। পরে আরও আটটি লাশের পরিচয় জানা যায়। তাঁরা হলেন—শেষাঙ্ক ত্রিপুরা, কান্তি ত্রিপুরা, স্বাস্থ্যকর্মী চিংসায়ং, মাসাতুই, অং লা প্রু, এনজিও কর্মী রিন্টু চাকমা। এছাড়া বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. উইলিয়াম জানান, কারিতাস নামের একটি এনজিওর কর্মী জেকব ত্রিপুরা এবং ঠিকাদার নুরুল ইসলাম মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনায় নিহত আরও দুজন হলেন , বেলুয়া বড়ুয়া, সমু দত্তা বড়ুয়া।