বান্দরবানে বিডিআর বিদ্রোহ মামলার রায় ৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের মামলার রায় আগামী ৩ জানুয়ারি ঘোষণা করা হবে। আজ শনিবার বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। দুই দিন বিরতির পর আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত ১৬-তে বিচারকাজ শুরু হয়। শুরুতে সরকারি কৌঁসুলি ও ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম অভিযুক্ত ৩৫ জনের বিরুদ্ধে অপরাধের বিবরণ তুলে ধরেন। তিনি ২৫ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানদের কে কীভাবে অপরাধ করেছেন, তা যুক্তি দিয়ে তুলে ধরেছেন। তিনি প্রামাণ্য দলিলপত্র ও আলামত আদালতে উপস্থাপন করেন। শফিউল আজম আরও বলেন, ‘কেউ কাউকে অপরাধী করতে পারে না। কিন্তু সাক্ষ্যপ্রমাণ, দলিলপত্র, আলামতসহ ঘটনাক্রমের পারিপার্শ্বিক অবস্থা বিচারে আসামিরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা কেউ কেউ দোষ স্বীকার করে অনুকম্পাও চেয়েছেন।’১৫ রাইফেল ব্যাটালিয়নে ৩৫ জনের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১০ জন বিডিআর জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা প্রার্থনা করেছেন। কৌঁসুলির যুক্তিতর্ক উপস্থাপন শেষে নির্দোষ দাবি করা অভিযুক্ত প্রত্যেকে নিজের লিখিত যুক্তি উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। পরে লিখিত যুক্তির বাইরেও অনেক অভিযুক্ত যুক্তিতর্ক তুলে ধরেন। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আগামী বছরের ৩ জানুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করে ওই দিন সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করেন। আদালতের বিচার প্যানেলের সভাপতি ছিলেন বিডিআরের রাঙামাটি সেক্টর অধিনায়ক বশিরুল ইসলাম। অন্য বিচারকেরা হচ্ছেন—লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এসএ রাকিব। তাঁদের সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। আসামিদের আইনি সহযোগিতা করেন ব্যারিস্টার আসাদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন খালিদ মাহমুদ।