বান্দরবানে মুক্তিপণের দাবিতে শিক্ষক অপহরণ
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মংলাইগ্রপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা এনজিওভুক্ত এক স্কুলশিক্ষককে অপহরণ করেছে। সন্ত্রাসীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে ওই এনজিওর কর্মকর্তারা জানিয়েছেন। অপহূত ওই শিক্ষকের নাম অংথোয়াইচিং মারমা।পুলিশ ও রুমার স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, ওই উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মংলাইগ্রপাড়ায় রাত সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। সন্ত্রাসীরা কারিতাসের পরিচালিত ওই পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংথোয়াইচিং মারমাকে ও তাঁর শ্বশুর ক্যচিংহ্লা মারমাকে খুঁজতে থাকে। কারিতাসের রুমা উপজেলার কর্মসূচি সমন্বয়কারী রামচন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রধারী সন্ত্রাসীরা অংথোয়াই ও তাঁর শ্বশুর ক্যচিংহ্লাকে বেঁধে নিয়ে যায়। কিছু দূর নিয়ে যাওয়া পর সন্ত্রাসীরা ক্যচিংহ্লাকে ছেড়ে দেয় এবং অংথোয়াইচিংয়ের মুক্তির জন্য দুই লাখ টাকা নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।নাম প্রকাশ না করার শর্তে রুমার একাধিক সূত্র জানিয়েছে, অপহরণকারীদের মধ্যে রেমং নামের একজনকে পাড়ার লোকজন চিনতে পেরেছে। আরকানের নাগরিক ও সেখানকার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের দলছুট সদস্য রেমং একসময় মংলাইগ্রপাড়ায় থাকতেন। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা মিয়া বলেছেন, শিক্ষক অপহূত হওয়ার ব্যাপারে জানার পর তারা খোঁজ নেওয়া হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো কিছু করা সম্ভব নয়। তবে অপহূতের পরিবারের কেউ এখনো থানায় মামলা করেননি বলে তিনি জানান।