বান্দরবানে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বলীপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৫৮ জন জওয়ান জামিন পেয়েছেন। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কাউসার হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন।একই মামলায় এর আগে জামিন দেওয়া ২২ জনসহ এ পর্যন্ত মোট ৮০ জনকে জামিন দেওয়া হলো বলে আদালত সূত্রে জানা গেছে।জানা গেছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে থানচি উপজেলায় অবস্থিত এ ব্যাটালিয়নও। বিদ্রোহ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। একই বছর ৭ মে দায়ের করা এ মামলায় ব্যাটালিয়নের মোট ২৩৪ জন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।আদালত সংশ্লিষ্টরা জানান, ২৩৪ জনের মধ্যে ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আরও ১১০ জন থেকে ৩৫ জনের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে স্থাপিত বিশেষ আদালত-১৬তে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল।আদালত শুনানি শেষে বিডিআরের ৫৮ জন সদস্যকে জামিন দিয়েছেন। তাঁদের মধ্যে বিডিআর আইনে বিশেষ আদালতে ছয় মাসের সাজা পাওয়া পাঁচজন রয়েছেন। তাঁদের সাজার মেয়াদ শেষ হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।