বান্দরবানে সংগীতশিল্পী অরুণ সারকীর নাগরিক স্মরণসভা
‘শোকে নয়, প্রেরণায় বুক বাঁধি’—এই মর্মবাণী নিয়ে বান্দরবানের কীর্তিমান সংগীতশিল্পী অরুণ সারকীর নাগরিক স্মারণসভা হয়েছে। গত শনিবার রাতে শহরের রাজার মাঠে আয়োজিত স্মরণসভায় বেদনাভারাক্রান্ত মনে তাঁর বিপুলসংখ্যক ভক্ত সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী অরুণ সারকী গত ২৭ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অসাম্প্রদায়িক চেতনার এই শিল্পী আদিবাসী-বাঙালি সবার কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুর সময়ও বান্দরবানের জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ শোকাবহ পরিবেশে সমবেত হয়েছিল।পার্বত্য চট্টগ্রামে যে কয়টি নেপালি গোর্খা পরিবার বসবাস করে, সেই গোর্খা পরিবারেই অরুণ সারকীর জন্ম। তাঁর প্রতিষ্ঠিত স্বরলিপি শিল্পীগোষ্ঠী শিক্ষা ও সংস্কৃতিতে অনগ্রসর বান্দরবানের সাংস্কৃতিক জগৎকে গড়ে তুলেছিল।নাগারিক স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর। আরও ছিলেন বোধিরঞ্জন বড়ুয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা। সভাপতিত্ব করেন লক্ষ্মীপদ দাশ।