বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের মামলায় আজ বুধবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অভিযুক্ত ৩৫ জন জওয়ানের বিরুদ্ধে গত সোমবার থেকে টানা তিন দিনে মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। যুক্তিতর্ক উপস্থাপন ও আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে আগামী শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আজ সকাল নয়টায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত ১৬-তে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য নেওয়া শুরু হয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আজ তৃতীয় দিন পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য নেওয়া শেষে বিচারক প্যানেলের সভাপতি ও রাঙামাটি বিডিআর সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম আগামী শনিবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি ও নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম জানান, মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আগামী শনিবার সাক্ষীদের সাক্ষ্যের ওপর বাদী-সাক্ষী ও অভিযুক্ত ব্যক্তিদের যুক্তিতর্ক এবং আসামিদের পক্ষে সাফাই সাক্ষী থাকলে তাঁদের বক্তব্য শোনানোর সুযোগ দেওয়া হবে।