বান্দরবানে ১০ রাইফেলের ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৩৫ জনের বিরুদ্ধে আজ রোববার অভিযোগ গঠন করা হয়েছে। সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪-এ বিচারকাজ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন রাঙামাটি বিডিআর সেক্টর অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম।আজ ৩৫ জনকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে ২১, ২২ ও ২৪ এপ্রিল ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়। বলিপাড়ার ১০ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মো. সুলতান আহমেদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরে আদালত আজ ১০ অক্টোবর আদালত মুলতবি ঘোষণা করেছিলেন। বিডিআর সূত্র জানায়, পিলখানায় বিদ্রোহের জের ধরে বলিপাড়ার বিডিআর ক্যাম্পের কিছু জওয়ান গত বছরের ২৬ ফেব্রুয়ারি ক্যাম্পের অধিনায়ককে লাঞ্ছিত করে অস্ত্রাগার লুট করেন এবং রণসাজে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করেন, যা বিডিআর আইনের লঙ্ঘন। এ ঘটনায় ২০০৯ সালের ৭ মে বান্দরবানের বিচারিক হাকিমের আদালতে ২৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান। ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার এবং ১২৪ জনকে পলাতক দেখানো হয়। বান্দরবান কারাগারে আটক ওই ১১০ জওয়ানের মধ্যে ৩৫ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।