বান্দরবানে ১১ ম্রো আদিবাসীর মৃত্যুর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত-সংলগ্ন দুর্গম এলাকায় বেশ কয়েকজন ম্রো আদিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা সূত্র বলছে, মৃতের সংখ্যা ১১ জন। এবং তারা জলবসন্তে আক্রান্ত হয়ে মারা গেছে। সিভিল সার্জন সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেছেন, তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে ১১ জনের মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি চিকিৎসা দল পাঠিয়েছেন। তবে জলবসন্তের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।একাধিক সূত্রের খবর অনুযায়ী, উপজেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত-সংলগ্ন ইন্দু-সিন্ধু এলাকার পাঁচটি ম্রো-পাড়ায় জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে লোকজন ব্যাপক হারে এই রোগে আক্রান্ত হলেও যোগাযোগ বিচ্ছিন্নতা ও লোকজনের অসচেতনতার কারণে তা জানা যায়নি। আলীকদম সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন প্রথম আলোকে জানান, ম্রো আদিবাসীদের পাড়াগুলো এতই দুর্গম ও দূরে যে সেখানে সচরাচর বাইরের লোকজন যায় না। গত সোমবার কয়েকজন ম্রো অসুস্থ অবস্থায় পূয়ামুরি সেনাবাহিনীর ক্যাম্পে এলে জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দেওয়ার বিষয়টি জানা যায়। তিনি জানান, আদিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, মারাং ম্রো-পাড়ায় দুজন, খামুকাপাড়ায় একজন, তরুণীপাড়ায় দুজন, বড়বেটিপাড়ায় তিনজন ও পাহাড়ভাঙ্গাপাড়ায় তিনজনসহ মোট ১১ জন মারা গেছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এলাকাবাসীর দাবি, এ সংখ্যা আরও বাড়তে পারে। এখনো ২৫-৩০ জন এই রোগে আক্রান্ত।পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর একটি চিকিৎসা দল আজ বুধবার হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন। আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আক্রান্ত এলাকায় আরও ২৫-৩০ জন রোগী থাকার খবর পাওয়া গেছে। সেখানে চার সদস্যের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলের মধ্যে তাদের পৌঁছানোর কথা।এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয়জন চিকিৎসকের মধ্যে তিনজন পদায়িত রয়েছেন। কিন্তু তিন দিন ধরে সেখানে একজন চিকিৎসকও নেই। জলবসন্ত আক্রান্ত এলাকায় পাঠানো দলটিতেও কোনো চিকিৎসা কর্মকর্তা নেই বলে তাঁরা জানান। সিভিল সার্জন সাখাওয়াত হোসেন চিকিৎসা দলে কোনো চিকিৎসা কর্মকর্তা না থাকার ব্যাপারে প্রথম আলোকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কেউ সরকারি কাজে, কেউ বা ছুটিতে রয়েছেন।